ডি ভিলিয়ার্স না থাকার অন্য 'উপকার' দেখছেন তামিম

‘এবিকে আমরা বল করব আর প্রার্থনা করব, যেন সে দ্রুত আউট হয়ে যায়’—প্রথম টি-টোয়েন্টির আগে এবি ডি ভিলিয়ার্স সম্পর্কে রসিকতার সুরে এমনই মন্তব্য করেছিলেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহ। টি-টোয়েন্টিতে অবশ্য ডি ভিলিয়ার্সকে খুব বেশি বিপজ্জনক হতে দেয়নি বাংলাদেশের বোলাররা। প্রথম ম্যাচে করেছেন ২ রান ও পরের ম্যাচে ৪০। বাংলাদেশ আরও বড় ‘স্বস্তি’র খবর পেয়েছে গতকালই, ওয়ানডেতে থাকছেন না এবি।
প্রতিপক্ষ দলের সবচেয়ে ভয়ংকর অস্ত্রটি না থাকা মানে যেকোনো দলের জন্যই ইতিবাচক খবর! তামিমও লুকোচ্ছেন না বিষয়টি। তবে এও মনে করিয়ে দিচ্ছেন, ডি ভিলিয়ার্স নেই—এই খবরে খুশি হতো অস্ট্রেলিয়ার মতো দলও। আরও একটি ভালো দিক তুলে ধরেছেন তামিম। প্রতিপক্ষ দলে যখন ডি ভিলিয়ার্স মাপের খেলোয়াড় থাকে, তাঁর ওপর বাড়তি নজর দিতে গিয়ে অন্যরা ফাঁক গলে বেরিয়ে যায়। ফলে ডি ভিলিয়ার্স না থাকায় সবাইকে নিয়েই রণকৌশল সাজাবে বাংলাদেশ। এবং তামিম মনে করেন, এমনই হওয়া উচিত সব দলের বিপক্ষে, সব ম্যাচেই।
তামিম বললেন, ‘ডি ভিলিয়ার্সে মতো খেলোয়াড় যদি একাদশে না থাকে, সেটা বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়া—যেকোনো দলের জন্য ভালো। সে এমন খেলোয়াড়, একাই শেষ করে দিতে পারে ম্যাচ। অনেক সময় এমনও হয়, ওকে গুরুত্ব দিতে গিয়ে তার দলের অন্য খেলোয়াড়ের দিকে নজর দেওয়া হচ্ছে না। এ সুযোগে অন্যরা একটু বেশি ভালো করে ফেলে। এই সিরিজে সেটা অন্তত হবে না। তবে দিন শেষে আমাদের ১১ জনকে নিয়েই চিন্তা ও পরিকল্পনা করেই মাঠে নামতে হবে।’
ডি ভিলিয়ার্স না থাকায় বাংলাদেশ-শিবিরের জন্য যদি সুখবর হয়, প্রোটিয়া দলের জন্য সেটি বিপরীত। ডি ভিলিয়ার্সের বিকল্প কোথায়? প্রোটিয়া অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন তাই বললেন, ‘এবির বিকল্প নেই। সে বিশেষ একজন খেলোয়াড়। অনেক দিন ধরেই আমাদের নেতা। কয়েক বছর ধরেই সে অবিশ্বাস্য ব্যাটিং করছে।’
টেস্ট সিরিজে থাকছেন না, সেটি আগেই জানানো হয়েছিল। টেস্ট দুটো খেললে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকের পর টানা ১০০ টেস্ট খেলা প্রথম ক্রিকেটার হতেন। ওয়ানডেতে তাঁকে অধিনায়ক করেই ঘোষণা করা হয়েছিল দল। অবশ্য নিষেধাজ্ঞার কারণে প্রথম ওয়ানডে খেলতে পারতেন না। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট বাকি দুই ম্যাচেও ছুটি দিয়ে দিল তাঁকে। ডি ভিলিয়ার্স যে প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন! এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু তো আর কিছুই হতে পারে না। আর তাই আগেই তাঁকে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশে। সময়টা স্ত্রীর পাশে কাটাবেন বলে।
প্রোটিয়া দল ভালোভাবেই অনুভব করবে ডি ভিলিয়ার্সকে, সেটিই জানালেন ম্যাকলারেন, ‘আমরা তার অনুপস্থিতি অনুভব করব। সে সহজাতভাবেই দুর্দান্ত। নেতা ও অধিনায়ক হিসেবে তাকে খুবই পছন্দ করি আমরা। দেশে তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এখন তাকে ছাড়াই আমাদের খেলতে হবে।’
এমনিতে ওয়ানডেতে বাংলাদেশ অন্য চেহারায় হাজির হচ্ছে সাম্প্রতিক সময়ে। পরিসংখ্যানও বাংলাদেশের জন্য উৎসাহব্যঞ্জক। এর সঙ্গে প্রোটিয়া দলে নেই ডি ভিলিয়ার্স। সব মিলিয়ে টি-টোয়েন্টি সহজে জিতলেও ওয়ানডে যে দক্ষিণ আফ্রিকার জন্য সহজ হবে না মানছেন ম্যাকলারেন, ‘টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে তুলনা করলে দেখতে হবে উইকেট কেমন তৈরি করা হয়েছে। মনে করি না খুব বেশি ভিন্ন হবে। ধারাবাহিকভাবে আমরা যেভাবে ওয়ানডে খেলছি, সেটি করতে পারলেই আমাদের দারুণ সুযোগ রয়েছে। তবে বাংলাদেশের ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলাটা কঠিনই।’