ডি ভিলিয়ার্স ফিরতে চেয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার 'না'

অবসর ভেঙে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে চেয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট ডি ভিলিয়ার্সের এই প্রস্তাবে সায় দেয়নি।
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ইংল্যান্ড, এরপর বাংলাদেশ ও ভারতের কাছে হেরে প্রোটিয়ারা মহাবিপদে। এমন পরিস্থিতিতে অনেকেই ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে চলছে কাতর অনুনয়। এ অবস্থায় রীতিমতো বোমা ফাটিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। বিশ্বকাপের আগেই নাকি ডি ভিলিয়ার্স অবসর ভেঙে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে দলে নিতে রাজি হননি নির্বাচকেরা।
ক্রিকইনফো জানিয়েছে, গত মে মাসেই ডি ভিলিয়ার্স ফেরার প্রস্তাব দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণার আগেই। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি, কোচ ওটিস গিবসন ও নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জন্ডির কাছে প্রস্তাবটা পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ডি ভিলিয়ার্সের অনুরোধকে তাঁরা পাত্তাই দেননি।
অবসর নেওয়ার পর থেকে জাতীয় দলে খেলা তো দূরের বিষয়, ঘরোয়া ক্রিকেটও খেলেননি ডি ভিলিয়ার্স। এ অবস্থায় তাঁর ওপর ঠিক আস্থা রাখতে পারেননি নির্বাচকেরা। ঘরোয়া ক্রিকেটে না খেলায় তাঁর ফর্ম, ফিটনেস ইত্যাদি নিয়েও সন্দেহে ছিলেন তাঁরা। তা ছাড়া একেবারে শেষ মুহূর্তে হুট করেই কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার ব্যাপারটি নীতিগতভাবে কতটা সঠিক, সেটিও বিবেচনা করে দেখেছেন তাঁরা। ভিলিয়ার্সকে দলে নিতে গেলে বাদ দিতে হতো দারুণ ফর্মে থাকা রাসি ফন ডার ডুসেনকে। সেটির পক্ষে ছিলেন না কেউই।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ডি ভিলিয়ার্স। বলেছিলেন, ক্রমাগত ক্রিকেট খেলে ক্লান্ত তিনি, সময় দিতে চান পরিবারকে। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন নিয়মিত, এই বছর প্রথমবারের মতো বিপিএলেও খেলে গেছেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলে প্রমাণ করেছেন, এখনো ফুরিয়ে যাননি তিনি। নিজের দিনে যে কোনো বোলিং গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে তাঁর। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, অবসর নেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না তাঁর জন্য। সেটির জন্য এখনো আফসোস হয় ভিলিয়ার্সের।
আফসোস মেটানোর সুযোগটা তাঁকে দিল না দক্ষিণ আফ্রিকা!