ডি ভিলিয়ার্স বনাম মালিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের জন্য নিজেদের দলের বড় ভরসা তাঁরা দুজন। অনুশীলনেও তাই বেশ খাটাখাটনি চলছে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। কাল ওভালে l রয়টার্স
জয়ের জন্য নিজেদের দলের বড় ভরসা তাঁরা দুজন। অনুশীলনেও তাই বেশ খাটাখাটনি চলছে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। কাল ওভালে l রয়টার্স

কেনিংটন ওভাল। এবি ডি ভিলিয়ার্স।
দুটির মধ্যে কোনো যোগসূত্র নেই। একটি মাঠের নাম। আরেকটি ব্যাটসম্যানের।
নেই, আবার আছেও। একবার ভাবুন তো, দুটি মিলে গেলে কী হতে পারে?
শ্রীলঙ্কান বোলারদের মাথায়ও কি প্রশ্নটা ঘুরছে? ব্যাটিং-স্বর্গ উইকেটে সামনে ক্রিকেটের প্রথম স্বীকৃত ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান! এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কী হতে পারে!
তা শ্রীলঙ্কা দলে সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো কেউ নেই নাকি! এই ম্যাচ দিয়েই না ওয়ানডে ক্রিকেটে ফিরছেন লাসিথ মালিঙ্গা! ফিরছেন প্রায় দেড় বছর পর। উইকেট কেমন, এতে যাঁর খুব একটা আসে যায় না। রাত তিনটায় ঘুম থেকে তুলে মাঠে নামিয়ে দিলেও হয়তো অবলীলায় ইয়র্কার দিতে পারবেন। আর ইয়র্কারের জন্য উইকেটের সাহায্য লাগে না।
তাহলে কি আজকের দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচের অন্য নাম ‘এবি ডি ভিলিয়ার্স বনাম লাসিথ মালিঙ্গা?’ কোনো বিজ্ঞাপনী সংস্থাকে এই ম্যাচ বিপণনের দায়িত্ব দিলে নির্ঘাত এটাই হতো লাইন। দুই দলের সাম্প্রতিক ফর্মে এমনই আকাশ-পাতাল পার্থক্য যে, দর্শক টানার জন্য আর কিছু থাকলে তো!
শ্রীলঙ্কান ক্রিকেট পাড়ি দিচ্ছে স্মরণকালের সবচেয়ে ঘোর দুঃসময়। আর দক্ষিণ আফ্রিকা ওয়ানডে র্যা ঙ্কিংয়ের এক নম্বর দল। ওয়ানডে র্যা ঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার, এক নম্বর বোলারও (ডি ভিলিয়ার্স ও রাবাদা)। সেরা দশ ব্যাটসম্যানের মধ্যে দক্ষিণ আফ্রিকার চারজন আছেন, সেরা বোলারদের মধ্যে দুজন। শ্রীলঙ্কার কেউই নেই।
দুই দলের সর্বশেষ সাতটি ম্যাচও পার্থক্যটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। সাতটিতেই জয়ী দলের নাম দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ৫-০ ধবলধোলাইও আছে। সেই সিরিজে যে মালিঙ্গা ছিলেন না, কাল সংবাদ সম্মেলনে এবি ডি ভিলিয়ার্সকে তা মনে করিয়ে দেওয়া হলো। উত্তরটাকে ঔদ্ধত্য বা আত্মবিশ্বাস, যা ইচ্ছা ব্যাখ্যা করে নিন, ‘ওর বিপক্ষে হাজার হাজার ম্যাচ খেলেছি। ও কী পারে, কিছু অজানা আছে নাকি?’
দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সেরেছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে। শ্রীলঙ্কা বাংলাদেশের মতো নিজেরাই বাড়তি প্রস্তুতির আয়োজন করেছে। তবে কেন্টে এক সপ্তাহের সেই প্রস্তুতি ক্যাম্প কতটা কাজে এসেছে, তা নিয়ে সংশয় থাকছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরেছে। হারতেই পারে। কিন্তু এর আগে স্কটল্যান্ডের বিপক্ষেও হেরে বসাটাকে হজম করা কঠিন। এক শ্রীলঙ্কান সাংবাদিক তো যেটিকে বলছেন ‘শ্রীলঙ্কান ক্রিকেটের কালো দিন’।
মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ছিটকে পড়া। চোটের সঙ্গে ম্যাথুসের লড়াইটা অনেক পুরোনো। তবে গত কিছুদিন এতে নিয়মিতই হারছেন এই অলরাউন্ডার। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা। ম্যাথুসের বদলে তাই উপুল থারাঙ্গার অধিনায়কত্ব করার কথা। সংবাদ সম্মেলনেও তিনিই এলেন। সেখানে তাঁকে দেখে যে কেউ শ্রীলঙ্কার ক্রিকেটের বর্তমান দশা আঁচ করে নিতে পারতেন! এমন ম্রিয়মাণ, এমন জড়সড়, অধিনায়ক হিসেবে একদমই মানায় না। তবে ঘটনা হলো, শ্রীলঙ্কান ক্রিকেটের ভালো-মন্দের সঙ্গে এর সম্পর্ক নেই। উপুল থারাঙ্গা চিরদিনই এমন।
এবি ডি ভিলিয়ার্স তাতে ভুলছেন না। বরং বারবার মনে করিয়ে দিচ্ছেন, আইসিসি টুর্নামেন্টগুলোতে শ্রীলঙ্কা বরাবর ভালো খেলে। যেটি বললেন না, তা হলো আইসিসি টুর্নামেন্ট মানেই দক্ষিণ আফ্রিকার ভয়!