ডি ভিলিয়ার্স হতে পারবেন সাকিব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবকে লম্বা সময় উইকেটে দেখতে চায় বাংলাদেশ। ছবি: এএফপি
সাকিবকে লম্বা সময় উইকেটে দেখতে চায় বাংলাদেশ। ছবি: এএফপি

দিনের শেষ বলটা হতেই সাকিবের দিকে এগিয়ে এলেন বিরাট কোহলি। দুষ্টুমিষ্টি হাসিতে কী যেন জিজ্ঞেসও করলেন। সাকিবও উত্তর দিলেন হেসে হেসে। কল্পনা করে নিতেই পারেন, কোহলি জানতে চেয়েছিলেন, ‘কী করে পারলে বন্ধু!’
এই টেস্টে সবচেয়ে বেশি আলোচিত ‘টপিক’গুলোর একটি সাকিবের ব্যাটিংয়ের ধরন। আজও সঞ্জয় মাঞ্জরেকার গতকালের প্রসঙ্গ টেনে বলছিলেন, অতি আক্রমণাত্মক খেলতে গিয়ে যে আউট হন, এ নিয়ে সাকিবের কোনো অনুশোচনা নেই। কিন্তু দলের প্রয়োজনে খোলস তো বদলাতেই হয়।
এল এবি ডি ভিলিয়ার্সের প্রসঙ্গও। ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়ার্সের মতো আক্রমণাত্মক ক্রিকেটার এখনকার ক্রিকেটে খুব কমই আছেন। কিন্তু সেই ডি ভিলিয়ার্স দলের প্রয়োজনে, সময়ের দাবিতে কীভাবে বদলে ফেলতে পারেন নিজেকে। ১৪ মাস আগে দিল্লি টেস্টটাই সেই উদাহরণ।
প্রথম ইনিংসে ভারতের তোলা ৩৩৪ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে গিয়েছিল ১২১ রানে। ভারত দ্বিতীয় ইনিংসে ২৬৭ রান তুলে ইনিংস ঘোষণা করাতে প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৮১ রান। দক্ষিণ আফ্রিকার সামনে ছিল পাঁচ সেশনের বেশি সময় পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ। সেটাই নিয়েছিলেন ডি ভিলিয়ার্সরা।
না, শেষ পর্যন্ত পারেননি। কিন্তু ম্যাচটা হেরে গেলেও ডি ভিলিয়ার্সদের পিঠ চাপড়ে দিতে হয়েছিল। এখনো যেমন সেই ম্যাচের প্রসঙ্গ উঠছে বারবার।
সেবার দক্ষিণ আফ্রিকা ম্যাচটা প্রায় বাঁচিয়েই ফেলেছিল। শেষ দিনের চা বিরতিতে যাওয়ার সময়ও হাতে ছিল ৫ উইকেট। অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্সও। কিন্তু চা বিরতির ৫ ওভার ১ বলের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচটাও হারে দক্ষিণ আফ্রিকা।
কিন্তু ম্যাচটি স্মরণীয় হয়ে আছে দুটি কারণে। প্রথমত, ডি ভিলিয়ার্সের অবিশ্বাস্য রক্ষণ। দ্বিতীয় ইনিংসে ২৯৭ বল খেলে ৪৩ রান করেছিলেন এবি। উইকেটে ছিলেন ৩৫৪ মিনিট। প্রায় ৬ ঘণ্টা উইকেটে ব্যাটিং করে ৪৩ রান! নিজের সহজাত খেলাটাকে কতটা লাগাম পরাতে হয়েছিল, প্রতিটি বলের আগে নিজেকে কতবার বোঝাতে হয়েছিল এবিকে! না মারব না, কিছুতেই না। একটা বল, আর একটা বল!
সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার সব ব্যাটসম্যানই দলীয় পরিকল্পনা ও চাওয়াকে শ্রদ্ধা করেছিলেন। হাশিম আমলা ২৪৪ বল ও ২৮৯ মিনিট উইকেটে থেকে করেছিলেন ২৫ রান। বাভুমা ১১৭ বলে করেছিলেন ৩৪। এমনকি ফাফ ডু প্লেসিও ৯৭ বলে করেছিলেন ১০।
চা বিরতির পর দক্ষিণ আফ্রিকা ঝড়টা সামলাতে পারলে ঐতিহাসিক এক ড্র হয়ে থাকত সেই ম্যাচ। শেষ পর্যন্ত হেরে গেলেও তাদের চতুর্থ ইনিংস ইতিহাসের পাতায় উঠে গেছে, দক্ষিণ আফ্রিকা তাতে ১৪৩.১ ওভার ব্যাটিং করেছিল বলে। এমনকি ভারতও তাদের মাটিতে চতুর্থ ইনিংসে এত ওভার ব্যাটিং করতে পারেনি। ১৯৪৮ সালের কলকাতা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা ব্যাটিং করেছিল ১৩৬ ওভার। সেই ৬৭ বছর পুরোনো রেকর্ড ভেঙেছিল প্রোটিয়ারা।
বাংলাদেশ এরই মধ্যে এই টেস্টে চতুর্থ ইনিংসে পাড়ি দিয়েছে ৩৫ ওভার। পাড়ি দিতে হবে আরও ৯০ ওভার। ভারতে চতুর্থ ইনিংসে ১২৫ ওভার ব্যাটিং করা, সেটিও এ সময়ের সেরা দুই স্পিনারের বিপক্ষে; বাংলাদেশের জন্য মহা মহা কঠিন এক পরীক্ষা। সেই পরীক্ষায় পাস করতে হলে সাকিবকে সহজাত খেলায় খোলস পরাতে হবে।
আজ সাকিব ৪২ বল খেলে ২১ রানে অপরাজিত। চারটি চার মেরেছেন, যার দুটি ছিল পরপর জাদেজাকে অতি আক্রমণাত্মক শটে। কিন্তু অন্য দিকটাও আছে। ৪২ বলের ৩৫টি ডটও ছিল। সাকিব নিজেকে শাসন করছেন, বেশ বোঝা যায়।
সাকিব কতটা সেদিনের ডি ভিলিয়ার্স হয়ে উঠতে পারেন, তাতেই নির্ভর করছে ম্যাচের ফলাফল! রান না নিয়ে সময় পার করে দেওয়াটাই যখন হবে বেশি চ্যালেঞ্জের। যার আভাস আজ সাকিবের ব্যাটে কিন্তু ছিল।
আর কোহলি হয়তো শেষে সাকিবের কাছে এই প্রশ্নটাই করেছেন, ৪২ বলের ৩৫টাতেই রান নিলে না, কী করে পারলে বন্ধু!