
এবি ডি ভিলিয়ার্সের দিকে তাকিয়ে এখন দক্ষিণ আফ্রিকা। গত কিছুদিনে প্রোটিয়া দল নিয়ে বলা কথাটি এখন ক্লিশে হয়ে গেছে, কিন্তু ডারবান টেস্টের চতুর্থ দিন শেষে আবারও উচ্চারিত হচ্ছে এই কথাটিই। দিন শেষে ৩৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এবি, সঙ্গী নাইটওয়াচম্যান ডেল স্টেইন। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৪১৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে স্বাগতিক দল এখনো পিছিয়ে ২৮০ রানে, হাতে আছে ৬ উইকেট।
ইংল্যান্ড চতুর্থ দিন শুরু করেছিল ২৬১ রানে এগিয়ে থেকে। প্রথম ঘণ্টায় দ্রুত ৩ উইকেট ফেলে দিয়ে খেলায় ফিরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এক প্রান্তে দাঁড়িয়ে যান জনি বেয়ারস্টো, ইংল্যান্ডের রানের চাকাটা টেনে নিয়ে যান তিনিই। শেষ ব্যাটসম্যান হিসেবে ৭৯ রানে বেয়ারস্টো যখন আউট হলেন, ইংল্যান্ডের রান হয়ে গেছে ৩২৬। স্বাগতিকদের হয়ে ডেন পিট ৫ উইকেট পেয়েছেন, তবে ১৫৩ রান দিয়েছেন। ওপেনার ফন জিলও মিডিয়াম পেসে পেয়েছেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে প্রোটিয়া ওপেনারদের শুরুটা খারাপ ছিল না। কিন্তু ৫০ পেরোতেই ওপেনিং জুটি ভেঙে যায়। ৮৮ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে যাওয়ায় সংকটে পড়ে তারা। দিনের শেষ ওভারে নিজের ‘ফর্ম’ ধরে রেখে ফাফ ডু প্লেসির ৯ রানে ফিরে যাওয়াটা আরেকটি বড় ধাক্কা। আজ ডি ভিলিয়ার্সই প্রোটিয়াদের ভরসা। টেন ক্রিকেট।