ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গাপটিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম ফিফটির রেকর্ডটি ভাঙার কাছাকাছি চলে গিয়েছিলেন মার্টিন গাপটিল। ১২ বলে ৪৬ করে ফেললেও শেষ পর্যন্ত পারেননি। তবে কাল রেকর্ড বইয়ের অন্য এক পাতায় ডি ভিলিয়ার্সকে ঠিকই ছাড়িয়ে গেলেন কিউই ওপেনার। দ্বিপক্ষীয় সিরিজে কমপক্ষে ৩০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৪.৫৮ স্ট্রাইকরেট ছিল ডি ভিলিয়ার্সের। গত বছর ভারতের বিপক্ষে গড়া এই রেকর্ডটিকে ছাড়িয়ে ১৩৯.৬৬ স্ট্রাইকরেটের নতুন রেকর্ড গড়লেন গাপটিল। সিরিজে রান? ৮২.৭৫ গড়ে ৩৩১।
মার্টিন গাপটিলের সেঞ্চুরিই কাল মাউন্ট মংগানুইয়ে নিউজিল্যান্ডের ৩৬ রানে জয়ের ভিত গড়ে দিয়েছে। নিউজিল্যান্ডের ৫ উইকেটে ২৯৪ রানের ইনিংসে গাপটিলের সেঞ্চুরির পর বড় অবদান কেন উইলিয়ামসন ও রস টেলরের। দুজনই করেছেন ৬১ করে। দুজনের সঙ্গে ভালো দুটি জুটি হয়েছে গাপটিলের। প্রথম ওভারেই ল্যাথাম আউট হয়ে যাওয়ার পর উইলিয়ামসনের সঙ্গে ১২২, উইলিয়ামসন আউট হয়ে যাওয়ার পর টেলরের সঙ্গে ৮১। কুলাসেকারার বলে লং অনে থিসারা পেরেরার ক্যাচ হওয়ার আগে ৯টি চার ও ৩টি ছয়ে ১০৯ বলে ১০২ রান গাপটিলের।
তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর চতুর্থ উইকেটে দিনেশ চান্ডিমাল ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ৯৩ রানের জুটিই যা বলার মতো। চান্ডিমালকে নিজের দ্বিতীয় শিকার বানিয়ে এই জুটি ভাঙেন বোল্ট। তবে বোল্ট নন, ম্যাচে নিউজিল্যান্ডের সেরা বোলার ম্যাট হেনরি (৫/৪০)।
চান্ডিমালের বিদায়ের পরও অনেকটা সময় উইকেটে ছিলেন ম্যাথুস। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১১৬ বলে করেছেন ৯৫ রান। ম্যাথুসের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা ম্যাচ শেষে আরও বড় হয়েছে দলের হারে। ১০ বলের মধ্যে ৬ রানে পড়েছে শ্রীলঙ্কার শেষ ৩ উইকেট। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ম্যাচে জিতল নিউজিল্যান্ড (বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ)। নিজেদের দেশে সর্বশেষ ৫টি ওয়ানডে সিরিজে এটি তাদের চতুর্থ জয়। ক্রিকইনফো, এএফপি।
সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৯৪/৫ (গাপটিল ১০২, উইলিয়ামসন ৬১, টেলর ৬১, রনকি ৩৭*; কুলাসেকারা ৩/৫৩, দিলশান ১/৪৯, প্রদীপ ১/৬৯)।
শ্রীলঙ্কা: ৪৭.১ ওভারে ২৫৮ ( ম্যাথুস ৯৫, চান্ডিমাল ৫০, সিরিবর্ধনা ৩৯; হেনরি ৫/৪০, বোল্ট ৩/৪৩)। ফল: নিউজিল্যান্ড ৩৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ম্যাট হেনরি।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৩-১ এ জয়ী।