টানা টেস্টে ফিফটির বিশ্ব রেকর্ডে এবি ডি ভিলিয়ার্সকে ছুঁয়েছেন জো রুট। এরপরও হয়তো ইংল্যান্ড অধিনায়কের মন ভালো নেই। হেডিংলি টেস্টের প্রথম দিনটা যে ওয়েস্ট ইন্ডিজেরই। কাল প্রথম দিনে ইংল্যান্ডকে ২৫৮ রানে অলআউট করে দিয়েছে জেসন হোল্ডারের দল। ১ উইকেটে ১৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে তারা। জেমস অ্যান্ডারসনের বলে অ্যালিস্টার কুকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কাইরন পাওয়েল। নাইটওয়াচম্যান দেবেন্দ্র বিশুকে (১*) নিয়ে দিনের বাকি সময়টা ভালোভাবেই পার করে দেন ক্রেগ ব্রাফেট (১৩*)।
জিওফ বয়কটের খোঁচা, কার্টলি অ্যামব্রোসের সমালোচনা বা জোয়েল গার্নারের প্রেরণা—কোনটি কাজে লেগেছে কে জানে! কিন্তু তিন দিনের মধ্যে ইনিংস ব্যবধানে প্রথম টেস্ট হারা ওয়েস্ট ইন্ডিজ হেডিংলিতে যেন জেগে উঠেছে। তিন পেসার কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও হোল্ডার শুরু থেকেই ভালো বল করেছেন। এই তিন পেসারের তোপে ৭১ রানেই ৪ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর রুট আর স্টোকস গড়েন ৬৯ রানের জুটি। টেস্টে টানা ১২ ম্যাচে ফিফটি করে রুট ৫৯ রানে আউট হয়েছেন দেবেন্দ্র বিশুর স্পিনে।
রুট আউট হতে পারতেন ৮ রানেই। গ্যাব্রিয়েলের বলে স্লিপে সহজ ক্যাচ নিতে পারেননি কাইরন পাওয়েল। ৯ রানে ‘জীবন’ পেয়েছেন স্টোকসও। রোচের বলে স্লিপে তাঁর ক্যাচটি নিতে পারেননি ক্রেগ ব্রাফেট। পরে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করে আউট হয়েছেন স্টোকস। স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭০.৫ ওভারে ২৫৮ (স্টোকস ১০০, রুট ৫৯, ওকস ২৩, মঈন ২২; রোচ ৪/৭১, গ্যাব্রিয়েল ৪/৫১, হোল্ডার ১/৪৫, বিশু ১/২৭)। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১২ ওভারে ১৯/১ (ব্রাফেট ১৩*, বিশু ১*; অ্যান্ডারসন ১/৫)।
১২ এবি ডি ভিলিয়ার্স, জো রুট
১১ ভিভ রিচার্ডস, গৌতম গম্ভীর,
বীরেন্দর শেবাগ, মুমিনুল হক