ডি ভিলিয়ার্সকে হটিয়ে ওয়ার্নার
স্বপ্নের মতো একটা বছর গেল ডেভিড ওয়ার্নারের। ২০১৬ সাল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ২৮টি ওয়ানডে খেলেছেন অস্ট্রেলীয় ওপেনার। এই ২৮ ইনিংসে ১ হাজার ৭৫৫ রান। এই সময়েই পেয়েছেন ৯টি সেঞ্চুরি। ৯৩ ও ৯৮ রানে দুবার আউট না হলে সেঞ্চুরি সংখ্যাটা হতো ১১! শুধু বড় স্কোরই গড়েননি, রানটা যেন দ্রুত আসে সেটাও নিশ্চিত করেছেন। গত ১৩ মাসে ওয়ার্নারের স্ট্রাইক রেট ১০৬.৯৪! এতেই বিশ্বের ২২ নম্বর (৬৩৮ রেটিং পয়েন্ট) ব্যাটসম্যান হিসেবে ২০১৬ সাল শুরু করে কাল ওয়ানডের শীর্ষ ব্যাটসম্যান বনলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। তথ্যসূত্র: আইসিসি।
ওয়ার্নারের এ লাফেই অবশেষে ওয়ানডের শীর্ষ ব্যাটসম্যানের মুকুট হারালেন সদ্য চোট কাটিয়ে ফেরা ডি ভিলিয়ার্স। বিরাট কোহলিও এক ধাপ পিছিয়ে নেমেছেন তিনে। শীর্ষ পাঁচে আর কোনো পরিবর্তন নেই। বোলারদের শীর্ষ পাঁচেও অস্ট্রেলীয়দের জয়জয়কার। পাকিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করে চার থেকে দুইয়ে উঠে এসেছেন মিচেল স্টার্ক। শীর্ষে থাকা ট্রেন্ট বোল্টের চেয়ে মাত্র পাঁচ পয়েন্ট পিছিয়ে তিনি। আর পাঁচ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জশ হ্যাজলউড। বোলিং-ব্যাটিংয়ে বাংলাদেশের দুই শীর্ষ খেলোয়াড়ের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই বোলারদের মধ্যে ছয়ে আছেন সাকিব আল হাসান, আর ব্যাটিংয়ে ১৯ নম্বরে মুশফিকুর রহিম।