‘যা ঘটেছে তা ব্যাখ্যা করা আমার পক্ষে অসম্ভব।’ বিস্ময় যেন কাটছিলই না এবি ডি ভিলিয়ার্সের! অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি দেখে থাকলে অবশ্য আপনার বিস্মিত হওয়ার কথা নয়। আর দক্ষিণ আফ্রিকাই তো বিস্ময়করভাবে হারতে অভ্যস্ত!
২০ ওভারে ১১৫ রান প্রয়োজন প্রোটিয়াদের, হাতে ৮ উইকেট। উইকেটে ফাফ ডু প্লেসি ও ডি ভিলিয়ার্স। গভীর রাতে ঢুলুঢুলু চোখে প্রাণহীন উইকেটে এমন সমীকরণ নিয়ে থাকা ম্যাচের বাকিটা দেখার তো আসলেই কোনো মানে হয় না। কিন্তু নাটক শুরু এরপর। ৪২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৩৬ রানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা!
এমন হারের কোনো ব্যাখ্যা হতে পারে না। কিন্তু ডু প্লেসিকে সেই কঠিন ব্যাখ্যাটাই দিতে হলো, ‘সত্যিটা হলো, আমি এবং এবি যখন ব্যাট করছিলাম তখন ম্যাচের পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। মনে হচ্ছিল এ ম্যাচ হারা অসম্ভব। এরপরই শুরু হলো আমাদের উইকেট দিয়ে আসা। ব্যাপারটি জঘন্য, কারণ চোখের সামনে এটি ঘটতে দেখেছেন আপনি। নিজেরাই ওদের হাতে ম্যাচটি তুলে দিয়ে এলাম। ৩০ থেকে ৪০—এই ওভারগুলোতেই ম্যাচটি হেরে গেছি আমরা।’ বাস্তবতা হলো, ডু প্লেসিরা ম্যাচ হেরেছেন ৪০ ওভারের পর। ওই সময়েই ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে দলটি।
শেষের ঝড়ের কেন্দ্রে মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা থাকলেও, দুই ওপেনার ও ডি ভিলিয়ার্সকে আউট করে মূল ধাক্কা দিয়েছেন জশ হ্যাজলউড। এই পেসারের চোখে শেষের উইকেটটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘এবিকে আউট করার পরই মনে হলো আমাদের সুযোগ আছে।’
দক্ষিণ আফ্রিকার ‘ধস’ নিয়ে কথা বলতে গিয়ে ম্যাচের নায়কের কথাটাই আসছিল না। অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের পুঁজি তো এনে দিয়েছিল ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিটিই। অস্ট্রেলিয়ার বাইরে ওয়ার্নার প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি করেছেন কিছুটা স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়েই। ১২০ বলে ১০৯ রানের ইনিংসটিতে চার ‘মাত্র’ ১১টি। অবশ্য ম্যাচ শেষে তাঁকে নিয়েই নতুন দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। ক্যাচ ধরতে গিয়ে বুড়ো আঙুলে চোট পেয়েছেন অস্ট্রেলিয়া ওপেনার। তবে ওয়ার্নার ইতিবাচকই আছেন, ‘সামান্য হাতের ব্যথা আমাকে বসিয়ে রাখতে পারবে না। হাত ভাঙলে সেটি আলাদা ব্যাপার। হাতে এখনো অনেক ব্যথা, তবে আশা করি খুব বেশি ক্ষতি হয়নি।’ এএফপি।