ডি ভিলিয়ার্সদের সঙ্গী রুশোর এবার ‘এবি’ হওয়ার পালা
গোল্ড, প্লাটিনামের পর দক্ষিণ আফ্রিকার রপ্তানি বাজারে যদি কিছু থেকে থাকে, সেটি হয়তো রান ও উইকেট। কলপ্যাক চুক্তি তো ছিলই, গত পাঁচ-ছয় বছরে এর বাইরে কতজন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার যে দেশ ছেড়ে ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছেন, তার ইয়ত্তা নেই। রাইলি রুশো সে দলের একজন।
২০১৬ সালে সর্বশেষ দেশের হয়ে খেলেছেন ৩২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। দেশের হয়ে রুশোর খেলা সর্বশেষ সিরিজ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই সিরিজে ৭৮ গড় ৩১১ রান করেন রুশো, শেষ ম্যাচে ১২২ রানের ইনিংসও ছিল এই বাঁহাতির। এ ছাড়া দেশের হয়ে ৩৬ ওয়ানডে খেলে রুশো ৩৮ গড়ে তিনটি সেঞ্চুরি ও সাতটি ফিফটির সৌজন্যে ১২৩৯ রান করেছেন। ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছেন।
২০১৭ সালে হ্যাম্পশায়ার কাউন্টি দলের সঙ্গে কলপ্যাক চুক্তি করে ইংল্যান্ডে পাড়ি জমান। এ সময় শুধু কাউন্টি ক্রিকেট নয়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত খেলেছেন রুশো। বিশেষ করে বিপিএল ও পিএসএলে নিয়মিত মুখ এই প্রোটিয়া ব্যাটসম্যান। এ সময় টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানে পরিণত হন তিনি। কিন্তু আইপিএলে না খেলায় কখনো রুশোকে নিয়ে তেমন আলোচনা হয়নি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সেই ব্যাটসম্যানই প্রার্থিত যিনি দ্রুত রান তোলেন। আর এ ক্ষেত্রে দুটি দিক থেকে এগিয়ে থাকা ব্যাটসম্যানই এগিয়ে থাকেন। যিনি বাউন্ডারি মারতে পারেন একটু পরপর এবং যিনি ডট বল কম দেন, অর্থতা বল নষ্ট করেন কম।
প্রতি পাঁচ বলে বাউন্ডারি মারেন এবং ডট বল শতাংশ ৩৫–এর কম—এমন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের ছোট্ট তালিকায় রুশোকে খুঁজে পাবেন। যেখানে সবার ধরাছোঁয়ার বাইরে রুশোরই স্বদেশি এবি ডি ভিলিয়ার্স। এরপর গ্ল্যান ম্যাক্সওয়েল ও জস বাটলারের স্থান। এই তিন বিশ্বসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানের পরই রুশোর অবস্থান।
কলপ্যাক চুক্তির কারণে রুশোর মানের একজন টি-টোয়েন্টি ব্যাটসম্যানকে জাতীয় দলে পায়নি দক্ষিণ আফ্রিকা। এবার অপেক্ষার পালা শেষ। ২০২০ সালে কলপ্যাক চুক্তি বাতিল হওয়ায় রুশোসহ অনেক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। এসেক্স কাউন্টি মাতানো অফ স্পিনার সাইমন হারমান তো জাতীয় দলেও ফিরেছেন।
এবার রুশোর পালা। দক্ষিণ আফ্রিকা দলের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পারফর্ম করেই ফিরেছেন প্রোটিয়াদের ডেরায়। ইংল্যান্ডে চলমান টি-টোয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতায় তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯২ গড় ও ১৯২ স্ট্রাইক রেটে রুশোর রান ২৭৮। গত বছর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতায়ও রুশো ছিলেন সেরা ব্যাটসম্যানদের একজন। ৯৮ গড় ও ১৫৭ স্ট্রাইক রেটে ২৯৫ রান করেছিলেন রুশো।
নিজ দল স্টেট নাইটসের শিরোপা জয়ের পেছনেও রুশোর উল্লেখযোগ্য অবদান ছিল।
দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‘আমি ব্যাটসম্যান হিসেবে ২০১৬ থেকে এক শ ভাগ উন্নতি করেছি। সাদা বলের ক্রিকেটে সেরা ক্রিকেটারদের সঙ্গে আমি খেলেছি। আমি আবার দেশকে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত।’
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়ে যাওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা পায়নি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসির মতো অভিজ্ঞদের। কে জানে, হয়তো অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো রুশোই হয়ে উঠবেন দক্ষিণ আফ্রিকার নতুন ‘এবি’।