ডি ভিলিয়ার্সরাও রাজি গোলাপি বলে

২৪ নভেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টটি খেলা হবে কৃত্রিম আলোয় গোলাপি বলে
কৃত্রিম আলোয় সাদা পোশাকে খেলার মোহ পেয়ে বসেছে সবাইকে। দিবারাত্রির টেস্ট খেলতে সবাই এখন উন্মুখ। প্রথমে গাঁইগুঁই করেও শেষ পর্যন্ত ফ্লাডলাইটের আলোয় খেলতে রাজি হলো দক্ষিণ আফ্রিকাও। আগামী ২৪ নভেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টটি খেলা হবে কৃত্রিম আলোয় গোলাপি বলে।
অনেক অপেক্ষার পর প্রথম দিবারাত্রির টেস্টের দেখা মেলে গত নভেম্বরে। ক্রিকেটীয় বিচারে সেই ম্যাচটি খুব আহামরি কিছু হয়নি। মাত্র তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল সে টেস্ট। কিন্তু ওই তিন দিনেই মাঠে এসেছিলেন ১ লাখ ২৪ হাজার দর্শক। টি-টোয়েন্টির যুগে টেস্টে এমন দর্শক সমাগমই ক্রিকেট অস্ট্রেলিয়াকে উৎসাহিত করেছে যত বেশি সম্ভব দিবারাত্রির টেস্ট আয়োজনে। দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টেস্ট ফ্লাডলাইটের আলোয় আয়োজন করার প্রস্তাব এসেছে সে চিন্তা থেকেই।
প্রোটিয়া খেলোয়াড়দের অনেকেই দিবারাত্রির টেস্ট খেলতে অনিচ্ছুক ছিলেন। কেউ কেউ তাঁদের অনীহা প্রকাশও করেছিলেন। দক্ষিণ আফ্রিকা বোর্ডেরও (সিএসএ) এ নিয়ে একটু অস্বস্তি ছিল। তবে কাল নিজেদের অবস্থান থেকে সরে এসেছে বোর্ড। সিএসএর প্রধান নির্বাহী হারুন লরগাত জানিয়েছেন, ‘অনেক চিন্তাভাবনা ও খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। দিবারাত্রির টেস্ট খেলার সুযোগটি আমাদের নিতে হবে।’
অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি হিসেবে প্রোটিয়াদের দুটি অনুশীলন ম্যাচ ফ্লাডলাইটের আলোয় খেলার সুযোগ করে দেওয়া হবে। এবি ডি ভিলিয়ার্সের ভাষায় এটাই তাঁদের দৃষ্টিভঙ্গি বদলাতে ভূমিকা রেখেছে, ‘আমরা রোমাঞ্চকর এই ধারণার বিপক্ষে কখনোই ছিলাম না। কিন্তু সম্পূর্ণ নতুন পরিস্থিতিতে খেলার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। প্রতিদ্বন্দ্বিতা যাতে গড়ে তুলতে পারি, সে জন্য যথেষ্ট সুযোগ আমাদের দিতে হবে। আশা করি, এই দুটি প্রস্তুতি ম্যাচ আমাদের কিছুটা হলেও ধারণা দেবে।’
অস্ট্রেলিয়া অবশ্য এখানেই থামছে না। অ্যাশেজেও দিবারাত্রির টেস্ট খেলতে চায় তারা। কিছুদিন আগে সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, ‘আমরা সবাই এটা নিয়ে ভাবছি। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই ২০১৭-১৮ অ্যাশেজে একটি টেস্ট দিবারাত্রির হতেই পারে।’
তবে সবাই যে দুই হাত বাড়িয়ে এমন পরিবর্তন মেনে নিচ্ছেন তা নয়। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথ নিজেই চান না অ্যাশেজের কোনো ম্যাচ ফ্লাডলাইটের আলোতে খেলতে, ‘এমন কিছু না হলেই আমি খুশি হব। আমার মতে, অ্যাশেজের সঙ্গে লাল বলই ভালো যায়। এ সিরিজে মানুষ এমনিতেই মাঠে আসে, বাড়তি কোনো কিছু দরকার নেই। এ নিয়ে অনেক কথা বলারই সুযোগ আছে। তবে এখনো অনেক সময় বাকি আছে, আমাদের অপেক্ষা করতে হবে।’
তবে স্মিথের না চাওয়াতে কিছু এসে যাবে? ক্রিকেটে যে এখন বাণিজ্যে বসতে লক্ষ্মী! দর্শক সমাগম আর অর্থ উপার্জনের এমন উপলক্ষ কি আর হাতছাড়া করতে চাইবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড! রয়টার্স, সিডনি মর্নিং হেরাল্ড।