ডি ভিলিয়ার্সের অন্য রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ডি ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স

এই সময়ের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানের কথা উঠলে তাঁর নামটাই উচ্চারিত হয় সবচেয়ে বেশি। কতটা বিধ্বংসী, সেই প্রমাণ আছে রেকর্ড বইয়েও। ওয়ানডেতে দ্রুততম ফিফটি, সেঞ্চুরি, দেড় শ—সবই এবি ডি ভিলিয়ার্সের নামের পাশে। শুধু ওয়ানডে কেন, দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে দ্রুততম সেঞ্চুরিটাও (৭৫ বল, ২০১১ সালে সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে) তাঁর। অথচ দিল্লি টেস্টে সেই ডি ভিলিয়ার্সই পরিস্থিতির দাবি মেনে পুরো বিপরীত চরিত্রের একটা ইনিংস খেললেন।
৩৪৫ মিনিট ক্রিজে থেকে ২৯৭ বল খেলে করেছেন মাত্র ৪৩ রান। স্ট্রাইক রেটের হিসেবে ডি ভিলিয়ার্সের (১৪.৪৭) চেয়েও মন্থর ছিলেন হাশিম আমলা (১০.২৪) ও ফাফ ডু প্লেসি (১০.৩০)। কিন্তু তিনি ডি ভিলিয়ার্স বলেই তাঁর ইনিংসটি বেশি আলোচিত। একসময় তো বলের হিসেবে টেস্ট ক্রিকেটে মন্থরতম ফিফটির রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনাও জাগিয়েছিলেন। ১৯৫৯ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫০ বলে ফিফটি করে যে রেকর্ডটি নিজের করে রেখেছেন ইংল্যান্ডের ট্রেভর বেইলি। দ্বিতীয় মন্থরতম ফিফটিটি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডারের (২৬২ বল, ১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। বেইলির রেকর্ড ভাঙতে না পারলেও আর ৭টি রান পেলে দ্বিতীয় মন্থরতম ফিফটির মালিক হওয়া তাই নিশ্চিতই ছিল ডি ভিলিয়ার্সের।
অবশ্য সময়ের প্রয়োজনে যে নিজের খেলার ধরন একেবারে আমূল বদলে ফেলতে পারেন, এর প্রমাণ আগেও দিয়েছেন ডি ভিলিয়ার্স। ২০১২ সালের অ্যাডিলেড কিংবা গত বছরের কেপটাউন টেস্টই সাক্ষী। কেপটাউনে ২২৮ বলে ৪৩ রানের ইনিংসটিতে তবু ৬টি চার মেরেছিলেন, কিন্তু অ্যাডিলেডে ২২০ বলে খেলা ৩৩ রানের ইনিংসে বাউন্ডারি ছিল না একটিও। দুবারই শেষ ইনিংসে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমেছিলেন। কেপটাউনে ব্যর্থ হলেও সফল হয়েছিলেন অ্যাডিলেডে। দিল্লিও কেপটাউনের মতোই আক্ষেপ হয়ে রইল শেষ পর্যন্ত।