ডি ভিলিয়ার্সের পাঁচ স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে ওয়ানডেতে ৮০.৫০ গড়ে ১৬১০ রান। এবি ডি ভিলিয়ার্স ২০১৫ সালের শুরুতে আরও ভয়ংকর। জানুয়ারিতে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলের ১৪৯ রানের ইনিংস খেলার পথে নিজের করে নিলেন ওয়ানডের দ্রুততম ফিফটি (১৬ বল) ও সেঞ্চুরির রেকর্ড (৩১ বল)। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৬৪ বলে ১৫০ করে ভাঙলেন সবচেয়ে কম বলে দেড় শ করার রেকর্ডও। এই সময়ে টেস্টেও ৫৫.৬৪ গড়ে ৭৭৯ রান। দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হতে তাই ডি ভিলিয়ার্সের প্রতিদ্বন্দ্বী ছিল না। পরশু ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডি ভিলিয়ার্সেরই ছিল জয়জয়কার। বর্ষসেরা ক্রিকেটারসহ এক রাতেই পাঁচ পাঁচটি পুরস্কার ঘরে নিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক।
ডি ভিলিয়ার্স জিতেছেন বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, ক্রিকেটার্স ক্রিকেটার অব দ্য ইয়ার, সাপোর্টার্স ক্রিকেটার অব দ্য ইয়ারের খেতাব। এ ছাড়া ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির জন্য বিশেষ একটা পুরস্কারও দেওয়া হয়েছে তাঁকে। টানা দুই বছর দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে নতুন রেকর্ডও গড়েছেন ডি ভিলিয়ার্স। এই প্রথম টানা দুই বছর বর্ষসেরা হলেন কেউ।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন টেস্ট অধিনায়ক হাশিম আমলা। টি-টোয়েন্টির বর্ষসেরা হয়েছেন মরনে ফন উইক। বর্ষসেরা নারী ক্রিকেটার শবনিম ইসমাইল। বছরের সেরা বল করার পুরস্কার জিতেছেন ডেল স্টেইন। ক্রিকইনফো।