ডি ভিলিয়ার্সের ব্যাটেই ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি ভিলিয়ার্সের ব্যাটেই সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। রয়টার্স
ডি ভিলিয়ার্সের ব্যাটেই সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। রয়টার্স

আরেকটি সিরিজ নির্ধারণী ম্যাচ, এবি ডি ভিলিয়ার্সের আরেকটি সেঞ্চুরি। অধিনায়কের অসাধারণ এক ইনিংসেই ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
আজকের ম্যাচটি ছিল ইতিহাসের পুনরাবৃত্তির ম্যাচ। পাঁচ ম্যাচ বা তাঁর বেশি ম্যাচে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে হারের পরও সিরিজ জেতার উদাহরণ আছে মাত্র ৩ টি। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকাই প্রথম গড়েছিল এমন কীর্তি। এক যুগ পর পূর্বসূরিদের কীর্তিতে ভাগ বসালেন এবিরা।
কাজটি অবশ্য বেশ কঠিন ছিল দক্ষিণ আফ্রিকার জন্য। ২৩৬ তাড়া করতে নেমে ২২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিক দল। দলের এমন বিপর্যয়ে উইকেটে আসেন ডি ভিলিয়ার্স। হাশিম আমলাকে নিয়ে ইনিংস মেরামতে হাত দেন অধিনায়ক। এক প্রান্তে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ধীরে সুস্থে স্ট্রাইক পরিবর্তন করে খেলেছেন আমলা, অন্যপ্রান্তে দ্রুত রান তুলে রানরেটটাও নাগালের বাইরে যেতে দেননি কখনো। আমলা-ডি ভিলিয়ার্সের ১৩৪ বলে ১২৫ রানের জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।
তবে ১৯ রানে ২ উইকেট ফেলে দিয়ে ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। কিন্তু ডেভিড ভিসেকে নিয়ে ৫৭ বলে ৭১ রানের আরেকটি জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন প্রোটিয়া অধিনায়ক। ততক্ষণে ডি ভিলিয়ার্সের নামের পাশে ১০১ রান, ভিসে করেছেন ৪১। আমলা আউট হন ৫৯ রানে।
এর আগে ব্যাটিং বিপর্যয়ে পরেও ইংল্যান্ড ২৩৬ রান করতে পেরেছিল শুধুমাত্র অ্যালেক্স হেলসের কারণে। টানা পাঁচ ম্যাচে ফিফটি পাওয়া হেলস আজ ১২৮ বলে করেছেন ১১২ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৯ করেছেন বেন স্টোকস।