ডি ভিলিয়ার্সের রেকর্ড, প্রোটিয়াদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৫ রানের ইনিংস খেলার পথে এবি ডি ভিলিয়ার্স l এএফপি
৮৫ রানের ইনিংস খেলার পথে এবি ডি ভিলিয়ার্স l এএফপি

ডোয়াইন প্রিটোরিয়াস ভাবতেই পারেন, বড় ভুল দিনে এমন বোলিং করলাম!

৫.২ ওভার বল করে মাত্র ৫ রানে তুলে নিয়েছেন ৩ উইকেট। যেকোনো বিচারে অসাধারণ বোলিং। কিন্তু ওয়েলিংটনের এই পিচে ম্যাচসেরা কে হচ্ছেন, সেটা তো প্রথম ইনিংসই ঠিক করে দিয়েছে। এবি ডি ভিলিয়ার্স ৮৫ রান করে আউট হওয়ার পরই।

ম্যাচের ফলও বোধ হয় দক্ষিণ আফ্রিকার রানটা ২৭০ ছোঁয়ার পর লেখা হয়ে গেছে। ইদানীং ওয়ানডেতে ৪০০ রানকেও নিরাপদ মনে হয় না। তবু ২৭০ রানকেই এমন নিরাপদ স্কোর বলার কারণটা ডি ভিলিয়ার্সের মুখেই শুনুন, ‘জানি না কীভাবে ২৭০ করতে পারলাম, কিন্তু করেছি এবং ম্যাচ জিতেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম ১৬০-১৮০ হবে। যেটা যথেষ্ট হতো না।’ যথেষ্ট হতো কি না তা নিয়েও প্রশ্ন থাকছে। ২৭১ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড যে অলআউট হয়েছে ১১২ রানে!

কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসি অবশ্য ভুল বোঝাচ্ছিলেন। ওয়ানডেতে টানা পঞ্চম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ডি কক তো জীবনের সেরা ফর্মে আছেন। ডু প্লেসিও দারুণ খেলছিলেন। ফলে মাত্র ১ উইকেটেই ১১৪ রান করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। ধস নামে এরপর। এক প্রান্তে দাঁড়িয়ে সঙ্গীদের যাওয়া-আসা দেখতে হয়েছে অধিনায়ক ডি ভিলিয়ার্সকে। এর মাঝেই একটা মাইলফলক ছুঁয়েছেন। ব্যক্তিগত ৫ রানের সময় সৌরভ গাঙ্গুলীকে টপকে ওয়ানডেতে দ্রুততম নয় হাজার রানের রেকর্ড হয়েছে তাঁর। ডি ভিলিয়ার্স মাইলফলক পেরিয়েছেন ২০৫ ইনিংসে, সৌরভের লেগেছিল ২২৮ ইনিংস। অন্য এক হিসাবেও দ্রুততম তিনি, ৯ হাজার ৫ বলেই মাইলফলক ছুঁয়েছেন। বলের হিসাবে আগের দ্রুততম রেকর্ডটি ছিল অ্যাডাম গিলক্রিস্টের। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যানের লেগেছিল ৯ হাজার ৩৭৮ বল।

সেদিকে নজর দেওয়ার সময় অবশ্য পাননি। দলকে বিপদমুক্ত করতেই ব্যস্ত ছিলেন, খেলেছেন ৮০ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস। যে ইনিংস খেলে নিজেই বিস্মিত ডি ভিলিয়ার্স, ‘এত রান করব আশা করিনি, খুব কঠিন উইকেট ছিল।’ ডি ভিলিয়ার্সের এই কাজটাই নিউজিল্যান্ডের কেউ করতে পারেননি। তাতেই দক্ষিণ আফ্রিকার কাছে সর্বোচ্চ ব্যবধানের (১৫৯ রান) রেকর্ড গড়ে হারল স্বাগতিক দল। এই হারে পাঁচ ওয়ানডের সিরিজেও ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে নিউজিল্যান্ড। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৭১/৮ (ডি ভিলিয়ার্স ৮৫, কুইন্টন ৬৮, ডু প্লেসি ৩৬, পারনেল ৩৫; ডি গ্র্যান্ডহোম ২/৪০, স্যান্টনার ১/৪৫, বোল্ট ১/৪৭)।

নিউজিল্যান্ড: ৩২.২ ওভারে ১১২ (ডি গ্র্যান্ডহোম ৩৪*, উইলিয়ামসন ২৩, টেলর ১৮; প্রিটোরিয়াস ৩/৫, ফিকোয়াও ২/১২, পারনেল ২/৩৩, রাবাদা ২/৩৯)।

ফল: দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে জয়ী।