ডি ভিলিয়ার্সের রেকর্ডের ম্যাচে প্রোটিয়াদের রেকর্ড জয়

প্রথমে ম্যাচের ফলটা বলে দেওয়া যাক। ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৫৯ রানে হেরেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭২ রানের লক্ষ্যে নেমে মাত্র ১১২ রানেই অলআউট হয়ে গেছে কিউইরা। এটিই রেকর্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে রানের হিসাবে এর চেয়ে বড় ব্যবধানে কখনো জেতেনি দক্ষিণ আফ্রিকা। এই হারে উইলিয়ামসনরা পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়েও পড়েছেন ২-১ ব্যবধানে।
তবে ফলের পাশাপাশি এই ম্যাচে বড় হয়ে উঠেছে এবি ডি ভিলিয়ার্সের কয়েকটি রেকর্ড। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এই ম্যাচে ব্যাটও করেছেন দুর্দান্ত। ৮০ বলে করেছেন ৮৫ রান। তাতেই সৌরভ গাঙ্গুলীকে টপকে ওয়ানডেতে দ্রুততম নয় হাজার রানের রেকর্ড হয়েছে তাঁর। এবি নয় হাজার রানের মাইলফলক পেরিয়েছেন ২০৫ ইনিংসে, গাঙ্গুলীর লেগেছিল ২২৮ ইনিংস।
শুধু এটিই নয়, আরও কিছু রেকর্ডও হয়েছে এবির। এই যেমন, ওয়ানডেতে নয় হাজার রান করতে তিনি বল খেলেছেন ৯ হাজার ৫টি। একটু আক্ষেপ হতেই পারে বিধ্বংসী দক্ষিণ আফ্রিকানের, পাঁচটা বল কম হলেই যে নয় হাজার রানের মাইলফলক ছোঁয়ার সময় তাঁর স্ট্রাইক রেটও থাকত ১০০! তবে তাতেও সমস্যা নেই, ওয়ানডে ইতিহাসে এ পর্যন্ত যে ১৮ জন ব্যাটসম্যান নয় হাজারের মাইলফলক পেরিয়েছেন, তাঁদের মধ্যে মাইলফলকটা পেরোতে সবচেয়ে কম বল খেলেছেন এবিই। দ্বিতীয় অ্যাডাম গিলক্রিস্ট, সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার নয় হাজারি ক্লাবে ঢুকতে বল খেলেছিলেন ৯ হাজার ৩২৮টি।
স্ট্রাইকরেট তাঁর মারকাটারি ব্যাটিংয়ের কথা বলে, পাশাপাশি কতটা ধারাবাহিক ছিলেন ডি ভিলিয়ার্স, সেটি বলবে ব্যাটিং গড়। ৯ হাজারের মাইলফলক ছোঁয়ার সময়ে সবচেয়ে বেশি গড়ও বর্তমান দক্ষিণ আফ্রিকা অধিনায়কের (৫৩.৮৯)। এই মাইলফলক পেরোনো আগের ১৭ জনের মধ্যে শুধু মহেন্দ্র সিং ধোনিরই গড় ছিল পঞ্চাশের ওপর (৫০.৯৬), বাকি ১৬ জনের গড় ৪৫-এরও নিচে। নয় হাজার কী, ওয়ানডেতে দুই হাজারের বেশি রান করেছেন—এমন ২০২ জন ব্যাটসম্যানের মধ্যেই সবচেয়ে বেশি গড় ডি ভিলিয়ার্সের।
সেঞ্চুরিতে অবশ্য ‘একটু’ পিছিয়ে ডি ভিলিয়ার্স। নয় হাজারি ক্লাবে ঢোকার পথে তিন অঙ্ক ছুঁয়েছেন ২৪ বার। তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি কার, সেটি বুঝতে পারারই কথা—শচীন টেন্ডুলকার, নয় হাজার রান করার সময়ে তাঁর সেঞ্চুরি ছিল ২৫টি।
রেকর্ডের পাঠ এখানেই থামুক। আবার ম্যাচে ফেরা যাক। ডি ভিলিয়ার্সের ১৫৯ রানে হেরেছে নিউজিল্যান্ড। তাই কিউইদের ব্যাটিংয়ে আসলে বলার মতো রান কিছু থাকার কথাও নয়। আটে নামা কলিন ডি গ্র্যান্ডহোম অপরাজিত ছিলেন ৩৪ রানে, এর বাইরে দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু তিন ব্যাটসম্যান। ৫৮ রানেই প্রথম ছয় উইকেট হারায় নিউজিল্যান্ড। ঘরের মাঠে ৬০ রানের নিচে প্রথম ছয় ব্যাটসম্যান আউট হওয়ার ঘটনা নিউজিল্যান্ড সর্বশেষ দেখেছে ২০০৭ সালে (শ্রীলঙ্কার বিপক্ষে, অকল্যান্ডে, ৩৯/৬)।
দক্ষিণ আফ্রিকার চার পেসারই নিউজিল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন। ডোয়াইন প্রিটোরিয়াস নিয়েছেন ৩ উইকেট, রাবাদা-পারনেল-ফেলুকোয়াও নিয়েছেন দুটি করে উইকেট। এর আগে ডি ভিলিয়ার্সের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ওপেনার কুইন্টন ডি কক ৭০ বলে করেছেন ৬৮ রান। ক্রিকইনফো।