ডিআরএস নিয়ে অস্ট্রেলিয়ানদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউটের পর হতাশ মিচেল মার্শ। ছবি-এএফপি।
আউটের পর হতাশ মিচেল মার্শ। ছবি-এএফপি।

সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের অন্যতম আলোচিত বিষয় ছিল ডিআরএস আর কুমার ধর্মসেনার আম্পায়ারিং। ডিআরএস নিয়ে এই বিতর্ক অব্যাহত আছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজেও। পার্থ টেস্টে ডিআরএস পদ্ধতিতে মিচেল মার্শের আউটের পর এই প্রযুক্তি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সাবেক অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন তো ডিআরএসকে পুরো ব্যর্থ একটা প্রযুক্তিও বলেছেন!
ঘটনাটা আজ অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়। কাগিসো রাবাদার একটি বলে মিচেল মার্শের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন হয়েছিল। যে আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার আলিম দার। রিভিউ নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। বল-ট্র্যাকিং প্রযুক্তিতে দেখা যায় রাবাদার বলটা মার্শের লেগ স্টাম্পের বাইরের অংশ ছুঁয়ে যেত। ফলে সিদ্ধান্ত পাল্টে আউট দেওয়া হয় মার্শকে।
রাবাদার বলটা যেভাবে সুইং করছিল, তাতে সাদা চোখে দেখে মনে হচ্ছিল সেটা লেগ স্টাম্প মিস করবে। আর তাই রিভিউ দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন বোধ হয় অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা। এই আউটের পরপরই তাই মিচেল জনসন টুইট করেছেন, ‘এইমাত্র মার্শের এলবিডব্লুটা দেখলাম। কী ঠুনকো ব্যাপার! ডিআরএস পুরোপুরি ব্যর্থ।’
চ্যানেল নাইনে এ সময় ধারাভাষ্য দিচ্ছিলেন দুই সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর ও মাইকেল ক্লার্ক। তারাও বেশ ক্ষোভ ঝাড়েন ডিআরএস নিয়ে। ক্লার্ক বলেছেন, ‘যখন রিপ্লেটা দেখছিলাম, আমার মনে হয়েছে, বল এত সুইং করেছে এটা অবশ্যই লেগ স্টাম্প মিস করে যাবে। আমি এই প্রযুক্তির সঙ্গে একমত নই। মার্শও এটা দেখে খুব হতাশ হবে।’
প্রায় একই রকম কথা বলেছেন টেলরও। তাঁর মতে, ওভাবে আউট হওয়াটা মার্শের জন্য দুর্ভাগ্যজনক।
ডিআরএস নিয়ে এই টেস্টে বিতর্ক অবশ্য এটাই প্রথম নয়। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মহারাজকে খেলতে ক্রিজ থেকে প্রায় ২.৮ মিটার বেরিয়ে এসেছিলেন স্টিভেন স্মিথ। বল তাঁর পায়ে লেগেছিল। এলবিডব্লিউর আবেদনের পর আম্পায়ার আউটও দিয়ে দেন। স্মিথ রিভিউ নেন। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদলায়নি। স্মিথের ওই আউটটাকেও দুর্ভাগ্যজনক বলেছিলেন চ্যানেল নাইনের ধারাভাষ্যকাররা। ক্যানবেরাটাইমস।