ডিআরএস নিয়ে ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতই বলা হোক ‘মানুষ মাত্রই ভুল করে’, কিন্তু জরুরি সিদ্ধান্তে ভুল হলে এ আপ্তবাক্য মানা কঠিন। সিদ্ধান্ত ‘নির্ভুল’ করতেই ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) আবির্ভাব। কিন্তু প্রযুক্তির ব্যবহারেও সিদ্ধান্ত পুরোপুরি সঠিক হচ্ছে কি না, প্রশ্ন থেকেই যাচ্ছে। পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস তো ডিআরএস পদ্ধতি আরও উন্নতি করারই দাবি তুললেন।
এখন বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন টেলিভিশন আম্পায়ার। যেমন এলবিডব্লুর আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউট দিয়েছেন, কিন্তু রিভিউয়ে টিভি রিপ্লেতে দেখা গেল কিছুটা হলেও বল স্টাম্পে লাগত। এমন পরিস্থিতিতে থার্ড আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই রেখে দেন। এতে প্রভাব ফেলে ম্যাচের ফলেও। ওয়াকারের প্রশ্নটা এখানেই, ‘আম্পায়ার যদি আউট না দেন এবং রিপ্লেতে যদি দেখা যায় বলটা স্টাম্পে লাগার সম্ভাবনা ছিল অন্তত ২৫ শতাংশ। সে ক্ষেত্রে সিদ্ধান্ত বদল করে ব্যাটসম্যানকে “আউট” ঘোষণা করা উচিত। এখন আম্পায়ার যদি আউট না দেন, বিদ্যমান নিয়মে তা বদলে ফেলা খুব কঠিন।’
আম্পায়ারের সিদ্ধান্তই যদি রাখা হয়, তবে ডিআরএসের কাজ কী? ডিআরএসের সমালোচনা করলেও ওয়াকার অবশ্য এর বিপক্ষেও নন। বরং পাকিস্তান কোচের আপত্তি এর অসম্পূর্ণতা নিয়েই, ‘এই আধা ডিআরএস গ্রহণযোগ্য নয়। এ পদ্ধতি কোনো অর্থ বহন করে না। হয় এটা পূর্ণভাবে থাকবে, নতুবা থাকবে না। কিছু সিদ্ধান্ত হয়েছে খুব বাজে। এ কারণেই এটা নিয়ে মানুষের অভিযোগ। আমরা সাংঘাতিক কিছু ভুল হতে দেখেছি। আইসিসির উচিত এ ব্যাপারে আরও মনোযোগী হওয়া।’
ওয়াকারের এ প্রতিক্রিয়ার পর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তগুলোর কথাও নিশ্চয়ই মনে পড়বে। ডিআরএসের আরও একটি সমস্যা, এটি সর্বজনীন নয়। ভারত বরাবরই ডিআরএসের বিপক্ষে। ওয়াকারের যুক্তি, একটি সংস্থার হাতেই এর নিয়ন্ত্রণ থাকা উচিত।
অবশ্য আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, ডিআরএস চালু হওয়ার পর সঠিক সিদ্ধান্তের হার বেড়েছে। গত ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮৯৯টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১৭৯টির রিভিউ হয়েছে। ভুল ছিল ৩৫টি। আইসিসির পরিসংখ্যান বলছে, ডিআরএসের আগে সঠিক সিদ্ধান্ত ছিল ৯৫.৬ শতাংশ। ডিআরএসের পরে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯৯.১ শতাংশ। দ্য হিন্দু ও ক্রিকইনফো।