ডিআরএস নিয়ে গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটকে আরও নির্ঝঞ্ঝাট করার জন্যই উদ্ভব ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের। কিন্তু সেই ডিআরএস নিজেই আছে ঝঞ্ঝাটে। ১০০ ভাগ নিখুঁত নয়, এই যুক্তিতে ডিআরএসে ভরসা পায় না ভারত। ক্রিকেট খেলুড়ে সব দেশে ডিআরএসের ১০০ ভাগ ব্যবহারের প্রযুক্তিগত সুযোগ-সুবিধাও নেই।
এসব ঝামেলা দূর করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শরণ নিল বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান এমআইটির। আইসিসি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির শরণাপন্ন হয়েছে সবার কাছে গ্রহণযোগ্য ডিআরএস পেতে। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন কাল কেপটাউনে জানিয়েছেন, এমআইটি ইতিমধ্যে কাজে নেমে গেছে। আগামী মে মাসে ডিআরএস নিয়ে প্রতিবেদন দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানটির।
রিচার্ডসন জানিয়েছেন, এমআইটি মূলত বল ট্র্যাকিং ও বল-ব্যাটের সংযোগ নিয়েই কাজ করছে। আগামী জুনে আইসিসি সভায় আলোচনা হবে প্রতিবেদন নিয়ে। শুধু ডিআরএসই নয়, সভায় আইসিসি গুরুত্ব দেবে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ নিয়ে আলোচনাকেও।
এ নিয়ে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করতেই কেপটাউনে গেছেন রিচার্ডসন। সেখানেই ব্যক্তিগত মতামত হিসেবে বলেছেন, তাঁর মতে টেস্ট ক্রিকেটকে দুটি বিভাগে ভাগ করে লিগ পদ্ধতি চালু করা উচিত। এএফপি।