ডিআরএসের পক্ষে মত ভারতের সাবেকদের

ক্রিকেটে আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির (ডিআরএস) ঘোর বিরোধী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের আপত্তির কারণেই কিনা এবারের অস্ট্রেলিয়া সিরিজে এই ডিআরএসের কোনো অস্তিত্ব নেই। মজার ব্যাপার হচ্ছে, ডিআরএস না থাকার কারণে সিরিজের প্রথম দুটো টেস্টেই আম্পায়ারদের কিছু দুর্বল সিদ্ধান্তের শিকার হয়েও নীরবতাই অবলম্বন করতে হয়েছে ভারতীয় দলকে। ব্রিসবেন টেস্ট চার দিনে হেরে যাওয়ার পর ডিআরএস পদ্ধতি আবার নতুন করে আলোচনায়। যদিও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় বোর্ডের মনোভাবের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, ‘ডিআরএস থাকলেও সে ক্ষেত্রে ভারত বিশেষ কোনো সুবিধা পেত বলে মনে হয় না।’
ডিআরএস নিয়ে এই উন্নাসিকতা ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি করছে কি না, এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ভারতীয় বেশ কয়েকজন সাবেক ক্রিকেট তারকা মনে করেন, ডিআরএস মেনে না নেওয়ার কারণে ভারতীয় ক্রিকেট ব্যাপকভাবেই ভুগছে। তাঁরা ভারতীয় ক্রিকেটের এই ভোগান্তি প্রলম্বিত না করে সত্বর বিসিসিআইকে ডিআরএস মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, প্রতিটি টেস্ট খেলুড়ে দেশই যেখানে এই ডিআরএস মেনে নিয়েছে, সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের দলছুট হয়ে থাকার কোনো মানে হয় না।
হরভজন সিং মনে করেন, ডিআরএস পদ্ধতির অভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট ম্যাচগুলোতে ভারত ভুগছে। তিনি এই পদ্ধতি খুব দ্রুতই মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিসিসিআইকে, ‘ডিআরএস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোতে ভারতীয় দলকে সহায়তার হাত বাড়িয়ে দেবে। ডিআরএস না থাকলে অনেক ক্ষেত্রেই শক্ত সিদ্ধান্তগুলো ভারতের বিপক্ষে যাচ্ছে। বিসিসিআইয়ের উচিত দ্রুতই এই ডিআরএস মেনে নেওয়া। আমার মনে হয়, এটাই ডিআরএস মেনে নেওয়ার উপযুক্ত সময়।’
হরভজনের মতে, চলমান অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দল যথেষ্ট লড়াকু ক্রিকেটই খেলেছে। কিন্তু দুটো টেস্টেরই গুরুত্বপূর্ণ সময়ে ভারত কিছু বাজে সিদ্ধান্তের সম্মুখীন হয়েছে। আমি কমপক্ষে চারটি বাজে সিদ্ধান্তের ব্যাপারে কথা বলতে পারি।’
তিনি আরও বলেন, ‘অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে শিখর ধাওয়ানের কট বিহাইন্ড, ব্রিসবেনে চেতেশ্বর পূজারার কট-বিহাইন্ডসহ, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের আউট ভারতকে বিপাকে ফেলেছে। এই সিদ্ধান্তগুলো ডিআরএসের মাধ্যমে খুব সহজেই এড়ানো যেত।’
ভারতীয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বুঝতে পারছেন না বিসিসিআই কেন ডিআরএসের বিপক্ষে অবস্থান নিয়েছে, ‘সবাই মেনে নিতে পারলে এ ব্যাপারে বিসিসিআইয়ের সমস্যা কোথায়। আইসিসি যখন এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, তখন বিসিসিআইয়ের এটি না মানাটা ভালো দেখায় না।’ আজহারও মনে করেন, ডিআরএস থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুটো টেস্টের ফল অন্য রকম হলেও হতে পারত, ‘এই দুটো টেস্টেই বেশ কয়েকটি সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে গেছে। এই সিদ্ধান্তগুলো আমাদের যথেষ্ট ভুগিয়েছে।’
ভারতের সাবেক এই অধিনায়ক মনে করেন, ‘যদি রানআউট কিংবা স্টাম্পিংয়ের মতো তুলনামূলক সহজ সিদ্ধান্তগুলো নিতে আম্পায়াররা টিভি রিপ্লের দ্বারস্থ হতে পারে, তাহলে আরও কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে এই ডিআরএসের দ্বারস্থ হওয়াটাই বুদ্ধিমানের কাজ। বিসিসিআই কেন এই ডিআরএসের বিরুদ্ধে—এটা আমি বুঝতে পারছি না।’
আরেক সাবেক অধিনায়ক দিলীপ ভেংসরকার অবশ্য স্বীকার করেছেন প্রথমে এই ডিআরএসের বিপক্ষেই ছিলেন। কিন্তু পরে তিনি এ ব্যাপারে নিজের ধারণা পাল্টান। তিনি বলেন, ‘আমার বক্তব্য ছিল এই ডিআরএস পুরোপুরি প্রমাণিত কিছু নয়। কিন্তু এখন মনে হয়, সবাই যখন ব্যবহার করছে, আমাদের করতে ক্ষতি কি!’
চান্দু বোর্দের মতে, ‘ডিআরএসে দুই-একটি সমস্যা থাকতেই পারে, তাই বলে এই প্রযুক্তিকে পুরোপুরি অস্বীকার করা বোকামিরই নামান্তর। যে জায়গাগুলোতে সমস্যা আছে, সেগুলো তো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দূর করা যায়। বিসিসিআইয়ের এখানে সমস্যা কোথায় বুঝতে পারছি না।’ সূত্র: পিটিআই।