ডিফেন্ডার হয়েও এত আক্রমণাত্মক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>* এফএ কাপে নিউক্যাসলকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি।
* জোড়া গোল করেছেন বাতসুইয়াই, ফ্রি কিক থেকে গোল মার্কোস আলোনসোর।
এবারের মৌসুমে দারুণ খেলছেন চেলসি ডিফেন্ডার আলোনসো। গোল করার পর ছবি: এএফপি
এবারের মৌসুমে দারুণ খেলছেন চেলসি ডিফেন্ডার আলোনসো। গোল করার পর ছবি: এএফপি

মার্কোস আলোনসো তখন রিয়াল মাদ্রিদ ছেড়ে বোল্টন ওয়ান্ডার্সে। ২০১১ সালের সেই দিনে মাদ্রিদের রাস্তায় গাড়ি নিয়ে ছুটছিলেন ঘণ্টায় ১১২.৮ কিলোমিটার গতিতে। পেটে বেশ ভালো পরিমাণ মদ পরেছিল। টাল সামলাতে পারেননি। গাড়ি নিয়ে দেয়ালে আঘাত হেনে মেরে ফেলেছিলেন ১৯ বছরের এক নারীকে। পরিণামে ২১ মাস জেলখাটার সাজা পেয়েছিলেন আলোনসো, যা জরিমানা দিয়ে মওকুফ করা হয় এবং গাড়ি চালানোর অনুমতি পাননি প্রায় সাড়ে তিন বছর। তখন অনেকেই ভেবেছিলেন, এ ছেলে বংশের নাম রক্ষা করতে পারবে না!

তাঁর দাদা মার্কোস আলোনসো ইমাজ। স্প্যানিশ ফুটবলঙ্গনে ‘মার্কুইতোস’ নামেই বেশি পরিচিত। পঞ্চাশের দশকে পাঁচটি ইউরোপিয়ান কাপ জয়ী রিয়াল মাদ্রিদ দলের ডিফেন্ডার। বাবাও ফুটবলার ছিলেন। খেলেছেন বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলে। ছেলে যে ফুটবলার হবে সেটা জানা কথাই ছিল। বাপ-দাদার পথে হেঁটে মার্কোস আলোনসো ফুটবলারই হয়েছেন, কিন্তু খেলার চেয়ে তাঁকে সবাই সেই দূর্ঘটনার জন্যই বেশি মনে রেখেছে। কিন্তু এবার বোধ হয় সবার মন থেকে তা মুছে যেতে পারে।
এফএ কাপের চতুর্থ রাউন্ডে আজ নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে চেলসি। প্রথমার্ধেই জোড়া গোল করেন মিচি বাতসুয়াই। তবে ৭২ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে মার্কোস আলোনসো আবারও বুঝিয়ে দিলেন ডিফেন্ডার হয়েও তিনি কতটা আক্রমণাত্মক! এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে আলোনসোই প্রথম ডিফেন্ডার যিনি ন্যূনতম ১০ গোলে প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান রাখলেন। নিজে ৭ গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল।
ম্যাচে তিনটি গোলের সুযোগ সৃষ্টি করা ছাড়াও বাতসুয়াইয়ের একটি গোলের উৎসও ছিলেন আলোনসো। এ ছাড়াও তিনটি শট নিয়েছেন নিউক্যাসলের গোলপোস্ট তাক করে। নিউক্যাসলের বিপক্ষে এ ম্যাচে চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে একুশ শতকে জন্ম নেওয়া দুজন খেলোয়াড় মাঠে নামিয়েছে—ইথাম আমপাদু ও ক্যালাম হাডসন ওদোই। ১৭ বছর বয়সী হাডসন-ওদোই মাঠে নেমেছিলেন ৭০ নম্বর জার্সি পরে যা চেলসির ইতিহাসে সর্বোচ্চ নম্বরওয়ালা জার্সি!