
ম্যাচ শুরুর সময় খানিকটা মেঘলা জোহানেসবার্গের আকাশ। কে জানত, মেঘ ভিড় করবে দুই দলের বোলারদের মনের আকাশেও! আকাশ কাঁদল না, তবে চার-ছয়ের বৃষ্টিতে ভিজল ওয়ান্ডারার্স স্টেডিয়াম। প্রথমে ক্যারিবিয়ান বোলারদের কাঁদিয়ে ছাড়লেন ফাফ ডু প্লেসি। নিজ বোলারদের হয়ে শোধ নিলেন পরে ক্রিস গেইল, ছাতু বানালেন দক্ষিণ আফ্রিকা বোলারদের। ডু প্লেসি সেঞ্চুরি পেলেও অবশ্য অল্পের জন্য পারেননি গেইল। তবে রান তাড়া করার নতুন রেকর্ড গড়ে দ্বিতীয় টি-টোয়েন্টিটা জিতে নিয়েছে গেইলের ওয়েস্ট ইন্ডিজই।
রিচার্ড লেভি যখন টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন (৪৫), ডু প্লেসির তখন অভিষেকও হয়নি। সেই লেভি দল থেকে ছিটকে গেছেন। তাঁর রেকর্ডকেও প্রায় ছিটকে দিচ্ছিলেন কাল ডু প্লেসি। শেষ পর্যন্ত পারেননি ১ বলের জন্য, দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ৪৬ বলে সেঞ্চুরি টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। অধিনায়কের ঝড়ে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে তুলেছে ৭ উইকেটে ২৩১। ঝড়ের জবাব ওয়েস্ট ইন্ডিজ দিয়েছে ঝড়েই। এই মাঠেই অস্ট্রেলিয়ার ৪৩৪ রান টপকে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। কাল বিপরীত অভিজ্ঞতা হলো দক্ষিণ আফ্রিকার, ক্যারিবিয়ানরা জিতে গেল ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই। ৪১ বলে ৯ চার ও ৭ ছয়ে ৯০ করে ফিরেছেন গেইল। ৩৯ বলে ৬০ করে আউট মারলন স্যামুয়েলস। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেছেন ১৫২ রান।
ডু প্লেসি উইকেটে গিয়েছিলেন প্রথম ওভারে মরনে ফন উইক আউট হওয়ার পর। তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটিতে ডু প্লেসির সঙ্গী ডেভিড মিলার ২৬ বলে ৪৭ করে রানআউট হন। ডু প্লেসি প্রথম ফিফটি করেন ২৩ বলে, পরেরটিও ঠিক ২৩ বলে। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছয়। টেন ক্রিকেট, ক্রিকইনফো।