ডু প্লেসির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযুক্ত হয়েছিলেন আগেই। ফাফ ডু প্লেসির বিরুদ্ধে বল টেম্পারিংয়ের সেই অভিযোগ নিয়ে কয়েক দিন ধরেই তোলপাড় ক্রিকেট-বিশ্বে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে শাস্তি পেতে হয় কি না, সেটিই দেখার অপেক্ষা ছিল। শাস্তি ঠিকই হলো, তবে ডু প্লেসি আপাতত পার পাচ্ছেন জরিমানা গুনেই। নিষেধাজ্ঞা পেতে হয়নি তাঁকে। অ্যাডিলেড টেস্টে খেলতেও তাই বাধা নেই তাঁর।
আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আচরণবিধির ২.২.৯ ধারা ভাঙার কারণে দোষী প্রমাণিত হয়েছেন অন্তর্বর্তীকালীন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ওই ধারা অনুযায়ী, কোনো কৃত্রিম বস্তু ব্যবহার করে বল ঘষা যাবে না। কাল শুনানি শেষে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, হোবার্ট টেস্টে ডু প্লেসির ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্টও যোগ হচ্ছে তাঁর খাতায়। আইসিসির নিয়মানুযায়ী, ২৪ মাসের মধ্যে যদি ডু প্লেসির ডিমেরিট পয়েন্ট ৪ বা এর বেশি হয়ে যায়, তাহলে সেটা ২ নিষেধাজ্ঞা পয়েন্টে পরিবর্তিত হবে। তখন একটি টেস্ট বা দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন ডু প্লেসি।
যে ঘটনা নিয়ে এত তোলপাড়, সেটি ঘটেছিল হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৫৪তম ওভারে। ভিডিও ফুটেজে দেখা যায়, ডু প্লেসি লালা মাখাচ্ছেন বলে। দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তীকালীন টেস্ট অধিনায়কের মুখে তখন চুইংগাম। দুবারের বেশি এমনটা করতে দেখা গেছে ডু প্লেসিকে।
আম্পায়াররা অবশ্য ডু প্লেসির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। তবে ভিডিও ফুটেজ দেখে ঘটনাটির তদন্তে নামে আইসিসি। এরপর কাল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে শুনানি শেষে ডু প্লেসির এই শাস্তি।
যিনি শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। পুরো দক্ষিণ আফ্রিকা দলও তাঁকে শুরু থেকেই সমর্থন দিয়ে গেছে। কাল শুনানির আগে দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গোও দাবি করেছেন, চুইংগামের লালা দিয়ে বল ঘষাটা খুব নতুন কিছু নয়। সুতরাং এটা আসলেই ক্রিকেটীয় চেতনার বাইরে কি না, তা আইসিসিকে আবার নতুন করে ভেবে দেখতেও অনুরোধ করেছেন তিনি। ক্রিকইনফো।