ডু প্লেসির দিন, ডু প্লেসির রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্ধান্তটি কী বুঝে নিলেন ফাফ ডু প্লেসি?
কৃত্রিম আলোয় গোলাপি বল খেলা কঠিন। তাই বলে প্রথম ইনিংসে মাত্র ২৫৯ রানেই ইনিংস ঘোষণা! ফিল্ডিংয়ে কিছু সময় বাইরে থাকায় নিয়মের বেড়াজালে আটকে ডেভিড ওয়ার্নার ইনিংস উদ্বোধন করতে না পারায় মনে হলো, এটাও একটা কারণ হতে পারে বটে! তবে অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে অধিনায়ক ডু প্লেসির চেয়ে আলোটা বেশি কাড়লেন ব্যাটসম্যান ডু প্লেসিই।
বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তি জুটেছে ম্যাচের আগে। কাল যেন ব্যাটেই সেটার জবাব দিলেন ডু প্লেসি। ৪৪ রানে ৩ উইকেট পড়ার পর নেমেছেন, সবাইকে বিস্মিত করে যখন মাঠ ছাড়ছেন, অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন। প্রথম অধিনায়ক হিসেবে পেয়েছেন দিবারাত্রির টেস্টে সেঞ্চুরি। জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের তোপের মুখে দাঁড়িয়েও প্রায় সঙ্গীহীন অবস্থায় দলকে এনে দিয়েছেন লড়াই করার পুঁজি। শেষ উইকেট জুটিতে মাত্র ৩৫ বলে ৩৯ রান তুলেছেন। এরপরই চমক জাগিয়ে ওই ইনিংস ঘোষণা।
ফ্লাড লাইটে গোলাপি বলে দিনের (পড়ুন রাতের) শেষ ওভারগুলো খেলার কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডু প্লেসি অস্ট্রেলিয়াকে। তবে তাঁর উদ্দেশ্যকে সফল করতে পারেননি প্রোটিয়া বোলাররা। কিংবা বলা ভালো, সত্যিকারের টেস্ট মেজাজ দেখিয়ে ১২ ওভারে ১৪ রান করে কোনো বিপদ ঘটতে দেননি প্রথমবারের মতো ইনিংস শুরু করতে নামা উসমান খাজা ও অভিষিক্ত ম্যাট রেনশ।