ডু প্লেসির পর ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর এবি ডি ভিলিয়ার্স l এএফপি
সেঞ্চুরির পর এবি ডি ভিলিয়ার্স l এএফপি

২০১১ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই করেছিলেন ৬০ রান। ফ্যাফ ডু প্লেসি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরির উদ্যাপন করেছেন আরও আটবার। কিন্তু সেঞ্চুরি এত দিন ছিল সোনার হরিণ। অবশেষে ডু প্লেসিকে ক্যারিয়ারের ৫১তম ম্যাচে ধরা দিল সেই সোনার হরিণ। ডু প্লেসির সঙ্গে সেঞ্চুরি করেছেন অধিনায়ক ডি ভিলিয়ার্সও। কাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চও। কিন্তু ডু প্লেসি-ডি ভিলিয়ার্সের জোড়া সেঞ্চুরিতে ফিঞ্চের সেঞ্চুরির সঙ্গে বিফলে গেছে অস্ট্রেলিয়ার ৩২৭ রানের পুঁজিও। ৩২৮ রানের লক্ষ্যটা দক্ষিণ আফ্রিকা পেরিয়ে গেছে ২০ বল আর ৭ উইকেট হাতে রেখেই। এই মাঠে যেটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। জিম্বাবুয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজটা যেখানে শেষ করেছিল, ৭ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজটাও শুরু করল যেন সেখান থেকেই।
৫১ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ডু প্লেসি-ডি ভিলিয়ার্স গড়েছেন ২০৬ রানের জুটি। ওয়ানডেতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি দ্বৈরথে তৃতীয় উইকেটে যা সর্বোচ্চ। এক ছক্কা ১১ চারে ৯৮ বলে ১০৬ রান করে ডু প্লেসি ফিরে যাওয়ার পরও অবশ্য শঙ্কা ছিলই। জয়ের জন্য তখনো দক্ষিণ আফ্রিকার দরকার ৭২ বলে ৭১ রান। তবে ডুমিনিকে সঙ্গে নিয়ে ডি ভিলিয়ার্স বাকি কাজটুকু সেরেছেন অনায়াসেই। ৭৮ ও ৮৫ রানে দুবার জীবন পাওয়া ডি ভিলিয়ার্স শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। তাঁর অপরাজিত ১৩৬ রানের ইনিংসে ১১ চারের সঙ্গে আছে দুটি ছক্কাও। ম্যাচসেরাও তিনিই।
এর আগে ফিল হিউজের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৯২ ও তৃতীয় উইকেটে অধিনায়ক জর্জ বেইলির সঙ্গে ফিঞ্চের ১১৪ রানের দুটি জুটিই অস্ট্রেলিয়াকে তুলে দেয় ৭ উইকেটে ৩২৭ রানের মগডালে। ফিঞ্চের চতুর্থ সেঞ্চুরির ইনিংসটিতে ছিল এক ছক্কা, ৯ চার। বেইলি ৫৪ বলে করেন ৬৬, শেষ দিকে জনসন ৮ বলে করেন অপরাজিত ২৩। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩২৭/৭ (ফিঞ্চ ১০২, হিউজ ৫১, মার্শ ৫, বেইলি ৬৬, ম্যাক্সওয়েল ৭, স্মিথ ৩১, হাডিন ৯, ফকনার ১০*, জনসন ২৩*; স্টেইন ১/৫৪, পারনেল ০/৬৬, মরকেল ২/৬৩, ম্যাকলারেন ২/৬৪, তাহির ২/৪৫, ডুমিনি ০/২৩)। দক্ষিণ আফ্রিকা: ৪৬.৪ ওভারে ৩২৮/৩ (ডি কক ১৯, আমলা ২৪, ডু প্লেসি ১০৬, ডি ভিলিয়ার্স ১৩৬*, ডুমিনি ৩৩*; জনসন ০/৬৩, স্টার্ক ২/৬২, রিচার্ডসন ১/৬৮, মার্শ ০/৩৬, ফকনার ০/৫৯, স্মিথ ০/২০, ম্যাক্সওয়েল ০/২০)। ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: এবি ডি ভিলিয়ার্স।