ডু প্লেসির পাশে সতীর্থরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কাল পুরো দল নিয়ে সংবাদমাধ্যমের সামনে এলেন দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট অধিনায়ক ও দলের সর্বজ্যেষ্ঠ খেলোয়াড় হাশিম আমলা। না, কদিন আগে লিওনেল মেসি যেমন সদলবলে এসে গণমাধ্যম বর্জনের ঘোষণা দিয়েছেন, তেমনটি হয়নি। অধিনায়ক ফাফ ডু প্লেসির বিরুদ্ধে ওঠা বল ট্যাম্পারিংয়ের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন আমলা।
মূল ঘটনাটি হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৫৪তম ওভারের। ভিডিও ফুটেজে দেখা যায়, ডু প্লেসি লালা মাখাচ্ছেন কোকাবুরা বলে। দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তীকালীন টেস্ট অধিনায়কের মুখে তখন চুইংগাম। দুবারের বেশি এমনটা করতে দেখা গেছে ডু প্লেসিকে। কাগিসো রাবাদার করা ওই ওভারে তিন বলের মধ্যে আউট হয়েছেন পিটার নেভিল ও জো মিনি।
আম্পায়াররা ডু প্লেসির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। তবে ভিডিও ফুটেজ দেখে ঘটনাটির তদন্ত করছে আইসিসি। কাল আইসিসির এক বিবৃতিতে বলা হয়, আচরণবিধির ২.২.৯ ধারা ভাঙার কারণে অভিযোগ গঠন করা হয়েছে ডু প্লেসির বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে এক টেস্ট নিষিদ্ধ হতে পারেন ডু প্লেসি।
আমলারা যখন সংবাদ সম্মেলনে আসেন, তখনো আইসিসির বিবৃতিটি আসেনি। সাংবাদিকদের কোনো প্রশ্নের আগেই সাবেক প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘সবাইকে শুভ বিকেল। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, আমরা পুরো দল আজ এখানে এসেছি। কারণ আমরা সবাই জানাতে চাই, আমরা আমাদের অধিনায়ক ডু প্লেসির পাশে আছি। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটা রসিকতা ছাড়া আর কিছুই না। হ্যাঁ, এটা এপ্রিল মাস নয়, তবু রসিকতাই করা হচ্ছে।’
ডু প্লেসি অবশ্য শুরুতেই অভিযোগ অস্বীকার করেছেন। কাল তাঁর হয়ে একই কথা বললেন আমলাও। চুইংগাম চিবিয়ে লালা তৈরি করে বল বিকৃত করার অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন, ‘আমি তো ফিল্ডিং করার সময় চুইংগাম চিবোতেই থাকি। তাহলে কি আমি প্রতিবার লাঞ্চের সময় ব্রাশ করে মাঠে ঢুকব? আপনাকে তো যুক্তি দিয়ে কথা বলতে হবে।’
আইসিসি জানিয়েছে, এ বিষয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে শুনানি হবে। শুনানির তারিখ এখনো দেওয়া হয়নি।