‘ডুবন্ত জাহাজ ছেড়ে পালানো নাবিক কোহলি’
৩৬! ভারতীয় ক্রিকেটের দুঃস্বপ্নের প্রতিশব্দ। একটা বড় ঝড়ের নাম।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজেদের টেস্ট ইতিহাসে ইনিংসে সবচেয়ে কম রানে অলআউট হয়েছে বিরাট কোহলির দল। এরপর কী হওয়ার কথা ছিল? কেউ মুণ্ডুপাত করছেন ক্রিকেটারদের, কেউ-বা নির্বাচকদের, কেউ-বা যাচিত কিংবা উপযাচিত হয়ে পরামর্শ-উপদেশ দিয়ে যাচ্ছেন।
সাবেক ভারতীয় ক্রিকেটার দিলীপ দোশি সমালোচক ক্যাটাগরিতেই পড়েন। তা-ও আবার পুরো দল নয়, যত ক্ষোভ গিয়ে পড়েছে বিরাট কোহলির ওপর। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরে গেছেন কোহলি। কিন্তু ‘৩৬’ দুঃস্বপ্নের পর দলের অধিনায়কের এভাবে দল ছেড়ে যাওয়াতে দোষ খুঁজে পাচ্ছেন দোশি। তাঁর চোখে ভারত এখন একটা ডুবন্ত জাহাজ আর কোহলি সেটি ছেড়ে পালানো নাবিক!
সিরিজের প্রথম টেস্ট খেলে কোহলি বাড়ি ফিরে যাবেন, এ সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনাও কম হয়নি। ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কারের মতো কারও কারও চোখে ব্যক্তিগত প্রয়োজনের চেয়ে দেশের হয়ে ক্রিকেট খেলাই বেশি গুরুত্বপূর্ণ ছিল, এ জন্য কোহলির সমালোচনা তাঁরা করেছেন অনেক। আবার কারও চোখে ক্রিকেট দিন শেষে একটা খেলাই, সেটির চেয়ে সন্তানের জন্মের সময়ে পাশে থাকার মতো জীবনের গুরুত্বপূর্ণ সময়ের দাবি অনেক বেশি।
তা কোহলির পিতৃত্বকালীন ছুটি যখন মঞ্জুর হয়েছে, তখন তো আর ভারতের এই অবস্থা ছিল না! তখন কে জানত, প্রথম টেস্টে এভাবে লজ্জার রেকর্ডের মুখোমুখি হবে ভারত! এমনকি অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন শেষেও এমন কিছু কে কল্পনা করতে পেরেছিল! তখন তো প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিয়ে ভারতই টেস্টে এগিয়ে ছিল।
কিন্তু দ্বিতীয় দিন শেষের ভারতের টেস্ট দল যদি হয় কয়েক শ নটিক্যাল মাইলে চলতে থাকা জাহাজ, অ্যাডিলেডে তৃতীয় দিন শেষে সেই জাহাজ ডুবন্ত। সিরিজের বাকি পথ কোহলিকে ছাড়া পাড়ি দিতে হওয়া ভারতের জন্য এই মুহূর্তে কষ্টকল্পনাই! তার ওপর রোহিত শর্মার চোট নিয়ে অনেক নাটকের পর তাঁকেও এই সিরিজের জন্য দেশে রেখে এসেছে ভারত।
তা অধিনায়ক বলেই কিনা, এখন যত দায় পড়ছে কোহলির ঘাড়েই। দিলীপ দোশির চোখে, কোহলির উচিত ছিল দলের এই অবস্থা দেখে ছুটি বাতিল করে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়া। ‘আমার কাছে ভারতের অধিনায়কত্ব করাই আমার মনে সবচেয়ে গুরুত্ব নিয়ে থাকত। এই দলটা একটা ডুবন্ত জাহাজ। এই সময়টাতেই দলের তাদের অধিনায়ককে সবচেয়ে বেশি দরকার’, বলেছেন ভারতের হয়ে আশির দশকে ৩৩ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলা দোশি।