ডুমিনির সঙ্গে ফন উইকও
গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজ খেলেই চোটের কারণে মাঝপথে দেশে ফিরে গিয়েছিলেন জেপি ডুমিনি। তবে সেই চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরছেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। দলে রাখা হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান মরনে ফন উইককেও।
এই দুজনের প্রত্যাবর্তনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দিয়েছেন হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন এবং মরনে মরকেলসহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে। নির্বাচক কমিটির প্রধান অ্যান্ড্রু হাডসন বলেছেন, বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে প্রোটিয়ারা। বিশ্রাম দেওয়ার তাই এটাই শেষ সুযোগ।
টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পেলেও টেস্ট সিরিজে আপাতত একটা বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে এবি ডি ভিলিয়ার্সকে। চোটের কারণে কুইন্টন ডি কক ছিটকে পড়ায় অনেক দিন পর পোর্ট এলিজাবেথ টেস্টে উইকেটকিপিং করতে হয়েছে তাঁকে। আগামীকাল থেকে শুরু কেপটাউন টেস্টেও এই দায়িত্ব সামলাতে হবে। এএফপি, ক্রিকইনফো।