ডুমিনির 'কন্ডিশন' জয়ের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, তার আগে আজ প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিপক্ষ বিসিবি একাদশ। কাল অনুশীলনে দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান জেপি ডুমিনি তাই অনেক ঘাম ঝরালেন l প্রথম আলো
পরশু প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, তার আগে আজ প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিপক্ষ বিসিবি একাদশ। কাল অনুশীলনে দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান জেপি ডুমিনি তাই অনেক ঘাম ঝরালেন l প্রথম আলো

অকল্যান্ডের দুঃখটা কি ভুলতে পেরেছে দক্ষিণ আফ্রিকা? মনে হয় না। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়া, তাও মাত্র ১ বল বাকি থাকতে। এমন ক্ষতে প্রলেপ দিতে যে মলমটা প্রয়োজন, বিশ্বকাপের পর সেটাই তো পায়নি প্রোটিয়ারা!
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপের পর এখন পর্যন্ত খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ক্রিকেটই। দক্ষিণ আফ্রিকার জন্য বিশ্বকাপের দুঃখ ভোলার সুযোগটা তাই বাংলাদেশ সফরেই প্রথম এল। যদিও জে পি ডুমিনির কাছে এই সফর বিশ্বকাপের দুঃখ ভোলার মিশন নয়। তাঁর কাছে এটা লক্ষ্যপূরণের আরেকটা মঞ্চ। মিরপুরে কাল অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘বিশ্বকাপ হয়েছে অনেক দিন হলো। এটা একটা নতুন মৌসুম। প্রত্যেক খেলোয়াড়ের সামনে নতুন লক্ষ্য আছে।’ তবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই যেহেতু সিরিজটা শুরু হচ্ছে, দলীয় লক্ষ্যটা ওই কেন্দ্রিকই। ‘টি-টোয়েন্টির র্যা ঙ্কিংয়ে আমরা আরও ওপরে উঠতে চাই। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের হাতে কয়েকটা ম্যাচই আছে। আপাতত সেগুলোতে ভালো খেলাই আমাদের মূল লক্ষ্য’—বলেছেন ডুমিনি।
ফতুল্লায় আজ প্রস্তুতি টি-টোয়েন্টি দিয়ে প্রথম মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা দল। প্রতিপক্ষ এবং কন্ডিশন বিবেচনা করে ম্যাচটাকে তারা ভালোই গুরুত্ব দিচ্ছে। মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরশু হলেও ডুমিনি এমনও বললেন, ‘আমাদের জন্য কালই (আজ) সিরিজ শুরু হয়ে যাচ্ছে।’ মাঠে নেমে আসল পরীক্ষাটা দেওয়ার আগে বেশ সতর্কও তিনি। মাথায় যে রাখতে হচ্ছে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সও! বিশ্বকাপের পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত বাংলাদেশ। জিতেছে পাকিস্তানের বিপক্ষে একটা টি-টোয়েন্টি ম্যাচেও। হয়তো সে কারণেই মনে করিয়ে দিলেন, ‘আপনি যখন দেশের প্রতিনিধিত্ব করেন, প্রতিপক্ষ তখন ব্যাপার নয়। আপনাকে শতভাগ দিয়েই খেলতে হবে। আমরা জানি, এখানে আমরা ওয়াকওভার পেয়ে যাব না, কাজটা বরং খুব কঠিনই হবে। বাংলাদেশকে হারাতে সেরা খেলাটাই খেলতে হবে।’
এবার যে মাশরাফি বিন মুর্তজার দল সম্পর্কে খুবই উঁচু ধারণা নিয়ে বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা দল, সেটা পরশু কোচ-অধিনায়কের সংবাদ সম্মেলনেই বোঝা গেছে। কাল ডুমিনির কণ্ঠেও বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা ঝরল, ‘তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে। নিজেদের কন্ডিশনে তো দলটা আরও বেশি চ্যালেঞ্জিং। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার মতো একটা দল হয়ে উঠেছে তারা। আমরা বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।’
এবারের সফরে দক্ষিণ আফ্রিকার প্রধানতম শত্রু হয়ে উঠতে পারে গরম। ডুমিনিও সেটা মানছেন। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী মনে হলো তাঁকে, ‘এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় বাধা হবে এখানে। তবে এ রকম গরম নতুন কিছু নয়। এই অঞ্চলে এপ্রিল-মের মতো জুলাইয়েও তাপমাত্রা বেশি থাকে। মানিয়ে নিতে হয়তো কয়েকটা দিন সময় লাগবে।’
আইপিএলে খেলার অভিজ্ঞতা অবশ্য এ ক্ষেত্রে ভালো কাজে দেবে প্রোটিয়াদের। একই আশা ডুমিনিরও, ‘বিভিন্ন কন্ডিশনে খেলে গত কয়েক বছরে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আইপিএলও তার একটা।’ অফ স্পিনার হিসেবে বল হাতে দলকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি তাই প্রতিকূল কন্ডিশনেও থাকছে তাঁর কণ্ঠে, ‘পাওয়ার প্লে বা ম্যাচের শেষ দিকে, এ রকম বিভিন্ন পরিস্থিতিতে বল করার অভিজ্ঞতা হয়েছে আমার। একজন স্পিনার হিসেবে আমি বিশ্বাস করি, যেকোনো পরিস্থিতিতেই আমাকে দলের জন্য কিছু না-কিছু করতে হবে।’
ভারত সিরিজে পেসাররা দাপট দেখালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে বাংলাদেশ স্পিন অস্ত্রটাই বেশি কাজে লাগাবে, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না কারোরই। তবে স্পিনারদের বিপক্ষে ভালো খেলার খ্যাতি আছে ডুমিনির। অন্তত তার জন্য তাই সেটা খুব বড় চ্যালেঞ্জ হওয়ার কথা নয়। ডুমিনির কথায়ও আছে সে আত্মবিশ্বাসের ছাপ, ‘দক্ষিণ আফ্রিকা দলে আমি যে জায়গায় ব্যাট করি, সেখানে স্পিনটা ভালো খেলতেই হয়। তবে আপনি যখন একটা কন্ডিশনে অনেক বছর খেলবেন, আপনি এমনিতেই জেনে যাবেন ওই কন্ডিশনে মাঠের মাঝখানে আপনার পরিকল্পনাটা কী হবে। সীমিত ওভারের ক্রিকেটে সেটাই গুরুত্বপূর্ণ।’