ডেভিড ইয়াংকে পাচ্ছেন না শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রিকেটারদের হাঁটুর অস্ত্রোপচার মানেই ডেভিড ইয়াংয়ের শরণাপন্ন হওয়া। এক মাশরাফি বিন মুর্তজাই তো ছয়বার গেছেন অস্ট্রেলিয়ান এই বিশেষজ্ঞ শল্যবিদের ছুরির নিচে! ব্যতিক্রম হচ্ছে শাহাদাত হোসেনের ক্ষেত্রে। ইয়াংকে শিগগিরই পাওয়া যাবে না বলে এই পেসারের হাঁটুর অস্ত্রোপচার করবেন মেলবোর্ন অর্থোপেডিক গ্রুপে ইয়াংয়েরই সহকর্মী ডা. জনাথন বেয়ার।
আগামী ১৫ জুন পর্যন্ত ইয়াং ছুটিতে আছেন। অস্ত্রোপচারের পরও যেহেতু মাঠে ফিরতে অনেক সময় লাগবে, শাহাদাত তত দিন অপেক্ষা করতে রাজি নন। তা ছাড়া বেশি দেরি করলে ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলটাও যে মিস হয়ে যেতে পারে! ইয়াংয়ের অপেক্ষায় না থেকে সে জন্যই যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করিয়ে ফেলতে চান শাহাদাত।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী কাল জানিয়েছেন, ‘রাজীবের (শাহাদাত) ব্যাপারটা ডা. ইয়াং তাঁর এক সহকর্মীকে রেফার করেছেন। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করছি। অস্ত্রোপচারের তারিখ চূড়ান্ত হলেই রাজীবকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।’