ডোপ পাপে পাকিস্তানিদের 'সুখ্যাতি'

ক্রিকেট এক সময় ছিল পুরোপুরি স্কিলের খেলা। ক্রিকেটে স্কিলের পাশাপাশি শারীরিক শক্তির ভূমিকা বাড়ছে। বাড়ছে ক্রিকেটে ডোপিংয়ের ঘটনাও। অ্যাথলেটিকস ডোপিং নামের সর্বনাশা বিষের ছোবলে সবচেয়ে বেশি নীল। অন্যান্য খেলাতেও কম বেশি শোনা যায়। এমনকি ফুটবলেও। ইদানীং ক্রিকেটেও ডোপ টেস্টে ধরা পড়ার ঘটনা বাড়ছে।
তারপরও অবশ্য ডোপ টেস্টে ধরা পড়া ক্রিকেটারদের তালিকাটা এখন খুব বড় নয়। ২০ জনের মতো ক্রিকেটারের নাম খুঁজে পাওয়া যায় ডোপ টেস্টে ধরা পড়াদের তালিকায়। তবে এঁদের প্রত্যেকে যে পারফরম্যান্স বাড়ানোর জন্য নিষিদ্ধ ওষুধের দ্বারস্থ হয়েছিলেন তাও নয়। ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারের একজন ইয়ান বোথামেরও নাম পাবেন এই তালিকায়। বোথাম যদিও ডোপ টেস্টে ধরা পড়েছিলেন গাঁজা খেয়ে।
ডোপ টেস্টে ধরা পড়া ক্রিকেটারদের ছোট্ট তালিকাতেও পাকিস্তানিদের ভিড়টা বেশ ভালোই চোখে পড়ে। এ নিয়ে কমপক্ষে ছয়জন পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ ওষুধ ব্যবহার করার দায়ে নিষিদ্ধ হয়েছেন। ‘পাকিস্তানের মেসি’ নামটি কলঙ্কিত করে ইয়াসির শাহও সেই তালিকায় ঢুকে গেলেন।
এমনিতে ফিক্সিংয়ের কারণে নেতিবাচক খবরের শিরোনাম হওয়া পাকিস্তানের ক্রিকেটে প্রথম ডোপিংয়ের তোলপাড় করা খবর মেলে ২০০৬ সালের নভেম্বরে। শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়ে ডোপ টেস্টে ধরা পড়েন। তাঁদের দেওয়া নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড ন্যানড্রোলন পাওয়া গিয়েছিল।
২০১২ সালের অক্টোবরে বাঁ হাতি স্পিনার আবদুল রেহমানকে ১২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সমারসেটের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় ধরা পড়েছিলেন তিনি। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটের বড় দল স্টেট ব্যাংক অব পাকিস্তানের অধিনায়ক কাশিফ সিদ্দিককে ২০১৪ সালের মে মাসে দুই বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বছর মে মাসে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে পাকিস্তানি স্পিনার রাজা হাসান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আলো ছড়ানো ইয়াসির অবশ্য আপাতত সাময়িক নিষিদ্ধ হয়েছেন। দ্বিতীয় নমুনা পরীক্ষাতেও ধরা পড়লে নির্ধারিত তাঁর শাস্তি নির্ধারিত হবে। দুই থেকে চার বছরের জন্যও নিষিদ্ধ হতে পারেন তিনি।
এই ছয়জনের বাইরে আরও একজন পাকিস্তানি ডোপ টেস্টে ধরা পড়ে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন। পাকিস্তানে জন্মে পরে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আসিম বাট নিয়েছিলেন ‘একসট্যাসি’ নামে পরিচিত একটি ড্রাগ। সূত্র: এএফপি।