মারিয়া শারাপোভার ডোপ পাপ স্বীকারের পর থেকেই ক্রীড়াজগতে তোলপাড়। ক্রিকেটেও সেই আঁচটা লাগল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দৈবচয়ন পদ্ধতিতে ডোপ-পরীক্ষা চলবে বলে জানিয়েছে আইসিসি।
আইসিসির নিয়ম অনুযায়ী বড় টুর্নামেন্টের আগে এমনিতেই ডোপ-পরীক্ষার নিয়ম আছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও বেশি কড়াকড়ি। সব ক্রিকেটারকে অবশ্য পরীক্ষা দিতে হবে না, তবে হুট করে যে কাউকেই সেটি দিতে হতে পারে। আইসিসির পরিচালক এম ভি শ্রীধর কাল সেটি নিশ্চিত করেছেন, ‘আন্তর্জাতিক ডোপবিরোধী সংস্থা ডব্লুএডিএর আইন অনুযায়ী আইসিসি ডোপ-পরীক্ষা করবে। অন্যসব দ্বিপাক্ষিক সিরিজে যা হয়, ম্যাচের দিন সকালে দুই দলের ম্যানেজার কয়েকজন খেলোয়াড়কে বেছে নেবেন। বিকেলে তাঁদের নমুনা পরীক্ষা করে দেখা হবে।’
ক্রিকেটও ডোপ পাপের ঘটনা কম দেখেনি। ২০০৩ সালে নিষিদ্ধ ড্রাগ নিয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শেন ওয়ার্ন। পাকিস্তানের শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফও শাস্তি পেয়েছিলেন। আর পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ ও শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল পেরেরার নিষেধাজ্ঞার ঘটনা তো মাত্র গত বছরের। ইয়াসির শাহ তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফিরেছেন মাঠে, চার বছরের জন্য নিষিদ্ধ হওয়ার শঙ্কায় আছেন পেরেরা। এএফপি।