ডোপপাপী শেহজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ টেস্টে ধরা পড়েছেন মোহাম্মদ শেহজাদ। আফগানিস্তানের হার্ডহিটিং এই ব্যাটসম্যানের ‘পজিটিভ’ হওয়ার কথা গতকাল জানিয়েছে আইসিসি। গত ১৭ জানুয়ারি প্রতিযোগিতার বাইরে দুবাইয়ের আইসিসি একাডেমিতে ডোপ পরীক্ষা নেওয়া হয় তাঁর। সংগৃহীত নমুনা পরীক্ষা করে দেখা যায়, নিষিদ্ধ উপাদান ক্লেনবুটেরল নিয়েছেন ৫৮টি ওয়ানডে এবং সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলা শেহজাদ।
ডোপ পরীক্ষায় উতরাতে ব্যর্থ হওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ২৬ এপ্রিল থেকে। তবে প্রাথমিক নিষেধাজ্ঞাকে চাইলে এই তারিখের আগেই চ্যালেঞ্জ করতে পারবেন শেহজাদ।
ওয়ানডেতে ৩৩.৯৪ গড়ে ১৯০১ রান করেছেন। টি-টোয়েন্টিতে পারফরম্যান্স আরও ভালো শেহজাদের—৩২.৩৪ গড়ে করেছেন ১৭৭৯ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রেন্ডন ম্যাককালাম, তিলকরত্নে দিলশান ও মার্টিন গাপটিলের পর চতুর্থ সর্বোচ্চ। তাঁর ডোপ টেস্টে ধরা পড়াটা দেশটির ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা। এএফপি