ডোয়াইন ব্রাভো নয়, 'ডিজে ব্রাভো'!

ডোয়াইন ব্রাভো উইকেট পেলেই হয়, নেপথ্যে বেজে উঠবে ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন...’ গান। গানের তালে নেচে উঠবেন তিনি নিজেও। টুর্নামেন্টে ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে শফিউল ইসলামের সঙ্গে যৌথভাবে ২ নম্বরে আছেন ব্রাভো। ক্যারিবীয় অলরাউন্ডের সংগীত-নৃত্য পরিবেশনা তাই পরিচিত ছবি এই বিপিএলে।
মাঠে, মাঠের বাইরে ব্রাভোর উপস্থিতি মানেই নিখাদ বিনোদনের নিশ্চয়তা। টিম বাস, টিম হোটেল, ড্রেসিংরুম দারুণভাবে মাতিয়ে রাখেন এই ক্যারিবীয়। আনন্দ-মজা তো ক্যারিবীয়দের মজ্জাগত। কিন্তু বিনোদনের দূত হিসেবে ব্রাভো নিজেকে চিনিয়েছেন আলাদাভাবে। তাঁর ‘চ্যাম্পিয়ন’ গান এতটাই জনপ্রিয়, কখনো ক্রিকেটার ব্রাভোর চেয়ে সংগীতশিল্পী পরিচয়টা বড় হয়ে ওঠে। নিজেকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতে যে তিনি নিজেও পছন্দ করেন, সেটি তাঁর জার্সির পেছনে ‘ডিজে ব্রাভো’ বা ‘ডিস্ক জকি ব্রাভো’ লেখা দেখেই বোঝা যায়।
ব্রাভো নিজেও মনে করেন চ্যাম্পিয়ন গানটা আলাদা খ্যাতি এনে দিয়েছে তাঁকে, ‘হ্যাঁ, এটা আমাকে অনেক জনপ্রিয়তা দিয়েছে। অনেক ভালোবাসা পেয়েছি। এরই মধ্যে ইউটিউবে ৩ কোটি ২০ লাখবার দেখা হয়েছে গানটা। মানুষকে বলি, ব্রাভো নয়, আমাকে ‘‘ডিজে ব্রাভো’’ বলে ডাকবে (হাসি)। এটা অসাধারণ ব্যাপার, আমি ক্রিকেটেও সফল, সংগীতেও। এতেই প্রমাণ হয়, যদি লেগে থাকেন, তবে জীবনে গুরুত্বপূর্ণ যেকোনো কিছুই অর্জন করতে পারবেন।’
ব্রাভো শুধু মৌজমস্তি করতেই পছন্দ করেন, তা নয়। মাঠেও তিনি সমান সফল। ৩৬১ নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার রেকর্ড সেটিই বলছে। তবে ক্রিকেটের ব্যস্ততার মধ্যেও গানে সময় দিয়েছেন, দ্রুত জনপ্রিয় হয়েছেন—কীভাবে সম্ভব হয়েছে সব? ব্রাভো হাসেন, ‘মিউজিক আমাদের সংস্কৃতির অংশ। আমার মনে হয়, এটা বাংলাদেশের সংস্কৃতিরও বড় অংশ। সংগীতের কোনো সীমানা নেই। সংগীতের প্রতি আমার অন্য রকম ভালোবাসা। তবে আমি কোনো মিউজিশিয়ান নই। আমার ভেতর কোনো ধরনের সংগীত প্রতিভাও নেই। আমি যেটি বিশ্বাস করি, সেটা আবেগ দিয়ে করি।’
কোনো বাংলা গান জানা আছে কি না জানতে চাইলে সংবাদ সম্মেলনেই ঢাকা ডায়নামাইটসের থিম সংয়ের এক লাইন গেয়ে শোনান। হাসিতে ফেটে পড়ে সবাই। ব্রাভো এমনই, যাঁর সবকিছুতেই থাকে বিনোদনের ছোঁয়া।