ড্যারেন লেম্যানের বাংলাদেশ-চ্যালেঞ্জ

ব্যাপারটা অনুমিতই ছিল। কাল শুধু নিশ্চিত হলো, এই যা! লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংলিশ পেসার স্টিভেন ফিনের বলে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ার পর ডেভিড ওয়ার্নারেরই আশঙ্কা জেগেছিল, বাংলাদেশ সফরে হয়তো আসা হবে না তাঁর। বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত পেয়ে কাল ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করল, ওয়ার্নার আগামী মাসের টেস্ট সিরিজ খেলতে আসছেন না বাংলাদেশে।
সিডনিতে পরশু ওয়ার্নারের আরও পরীক্ষা-নিরীক্ষার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম পরিচালক প্যাট হাওয়ার্ড বলেছেন, ‘ডেভিডকে (ওয়ার্নার) বলা হয়েছে, ওর আঙুলের চিড় সারতেই চার সপ্তাহের মতো লাগবে। পরে আরও দুই সপ্তাহ লাগবে আবার ব্যাট ধরতে ও ক্যাচ নেওয়ার মতো অবস্থায় ফিরতে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সফরে যেতে পারছে না বলে সে খুব হতাশ। বিশেষ করে, সহ-অধিনায়ক হিসেবে ওটাই হতো তার প্রথম সফর।’ হতাশ ওয়ার্নার বলেছেন, ‘আমি অস্ট্রেলিয়ার হয়ে কোনো টেস্ট মিস করতে চাই না। যত তাড়াতাড়ি পারি ফেরার চেষ্টা করব।’
সদ্য সমাপ্ত অ্যাশেজে দলের সঙ্গে থাকলেও সিরিজ শুরুর আগেই অবসর নিয়ে ফেলেন রায়ান হ্যারিস। অবসরের ঘোষণা পরে এলেও কার্যত অ্যাশেজেই টেস্ট ক্যারিয়ার শেষ হয়েছে মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স, শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিনের। সব মিলিয়ে এবারের ইংল্যান্ড সফর এক পালাবদলের সামনেই ঠেলে দিয়েছে অস্ট্রেলিয়া দলকে। যদিও কোচ ড্যারেন লেম্যান বলছেন, এটা অনুমিতই ছিল, ‘আমরা যে দলটা নিয়ে ইংল্যান্ড এসেছিলাম, আপনি যদি ওদের বয়স দেখেন এবং ওরা কী অবস্থায় ছিল সেটা বিবেচনা করেন, তাহলে বুঝতে পারবেন, বেশির ভাগেরই এখানে শেষ হওয়ার কথা ছিল। হয়তো ফলটা একটু ভালো হতে পারত। কিন্তু অনেকেই যে চলে যাবে, এটা প্রত্যাশিতই ছিল।’
ওয়ার্নার আসছেন না, দুই পেসার মিচেল জনসন ও জস হ্যাজলউডকে হয়তো বাংলাদেশ সিরিজে বিশ্রামই দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার মানে কার্ডিফে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া যে একাদশ নামিয়েছিল, সেই একাদশের মাত্র চারজন হয়তো আসবেন বাংলাদেশ সফরে। বাকি যে সাতজন থাকছেন না তাঁদের সঙ্গে যদি রায়ান হ্যারিসকেও যোগ করেন তাহলে অ্যাশেজ থেকে বাংলাদেশ সফর পর্যন্ত অস্ট্রেলিয়া দলে কমে যাচ্ছে ৪১৫ টেস্টের অভিজ্ঞতা! বাংলাদেশের বিপক্ষে সিরিজটা তাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন লেম্যানও, ‘দীর্ঘদিন ধরে আমরা একটা অভিজ্ঞ দল নিয়ে খেলেছি। এখন আর সেটা নেই। তরুণ খেলোয়াড়দের জন্য দেশের বাইরে পারফর্ম করা, দল হিসেবে নতুন করে শুরু করা খুব চ্যালেঞ্জিং হবে।’ এএফপি, ক্রিকেট অস্ট্রেলিয়া।