
রান: ৩১০
উইকেট: ৪
হাতে ৫ উইকেট নিয়ে ২০৫ রানের লিড।
খুলনা টেস্টের তৃতীয় দিনটি যেন পাকিস্তানের অর্ডার অনুযায়ী বানানো।
কাল খেলা শুরুর সময় কল্পচোখে মিসবাহ-উল-হক দিনের শেষে যে ছবিটা দেখেছিলেন, স্কোরবোর্ডটা ঠিক তেমনই। নাকি এর চেয়েও ভালো?
পাকিস্তানের সুখস্বপ্নে ছিল এই দিন। বাংলাদেশের দুঃস্বপ্নে। যার একটি সত্যি হলে আরেকটিও সত্যি হতে বাধ্য। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাফল্যের মায়াবী চশমা খুলে নিয়ে যা দাঁড় করিয়ে দিল টেস্ট ক্রিকেটের নিষ্ঠুর বাস্তবতার সামনে। বৈপরীত্যটা দেখুন না! পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যা ঙ্কিংয়ে আট নম্বরে উঠে যাওয়ার দিনটিতেই কিনা বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়! একটু আগ বাড়িয়ে বলা হয়ে গেল। তবে দ্বিতীয় ইনিংসে খু-উ-ব ভালো না করলে এটাই তো মনে হচ্ছে বাংলাদেশের নিয়তি।
ইতিহাসও ‘কু’ডাক দিচ্ছে। এর আগে দুই দলের দ্বৈরথে পাকিস্তানের পক্ষে দুটি ডাবল সেঞ্চুরি ছিল। ২০০২ সালে চট্টগ্রামে মোহাম্মদ ইউসুফের অপরাজিত ২০৪। ২০১১ সালে সেখানেই ইউনিস খানের অপরাজিত ২০০। দুটি টেস্টেই পাকিস্তানকে দ্বিতীয়বার ব্যাটিং করতে হয়নি। বাংলাদেশের বিপক্ষে কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসটি এখন মোহাম্মদ হাফিজের। ২২৪ রান করে আউট হয়েছেন। আগের দুটি ডাবল সেঞ্চুরির সঙ্গে অপরাজিত থাকায় যেমন মিল নেই, বাংলাদেশ অমিল প্রার্থনা করছে ম্যাচের সমাপ্তিতেও।
কী হতে পারে সেই সমাপ্তি? এই টেস্টে এখন দুটি ফলই শুধু সম্ভব। পাকিস্তানের জয় অথবা ড্র। ম্যাচের যে পরিস্থিতি, তাতে বাংলাদেশের জন্য ড্র-ই হবে জয়ের সমতুল্য। সে জন্য কী করতে হবে, তার অনেক রকম সমীকরণ দাঁড় করানো যেতে পারে। তবে একটা জিনিস তাতে ‘কমন’ই থাকবে—দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং। এমনকি বাংলাদেশের প্রথম ইনিংসে শেষ ৫ উইকেট যেমন শীতের ঝরাপাতার মতো খসে পড়েছে, আজ পাকিস্তানের তেমন কিছু হলেও তা বদলাচ্ছে না।
তবে আঙুলের চোট যদি মুশফিকুর রহিমকে ব্যাটিং করতে না দেয়, তাহলে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর সম্ভাবনায় বড় বদলই হবে। আঙুলের ব্যথায় কাল মাঠেই নামতে পারেননি মুশফিক। আজ সকালেও নামার সম্ভাবনা নেই বললেই চলে। ব্যাটিং যদি করতেও পারেন, ব্যথা সহ্য করেই করতে হবে। ব্যথা নিয়ে খেলা অনেক ইনিংসই স্মরণীয় হয়ে আছে ক্রিকেট ইতিহাসে। মুশফিকের কাছেও বাংলাদেশও সেই দাবিই জানাবে।
একটা ইনিংসে ডাবল সেঞ্চুরি থাকলে বাকি স্কোরগুলো খুব বিবর্ণ মনে হয়। পাকিস্তানের স্কোরকার্ডে তা-ই। তবে রানের পাহাড়ে ওঠায় হাফিজ যদি অভিযাত্রী হয়ে থাকেন, ‘শেরপা’র ভূমিকায় ছিলেন বাকি সব ব্যাটসম্যানই। আগের দিনই আজহার আলীর হাফ সেঞ্চুরি হয়ে গিয়েছিল। কাল শুভাগত তাঁকে ফেরালেন সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে। এর পর একই দৃশ্য যেন ঘুরেফিরে অভিনীত হয়ে গেল। পাকিস্তানের একেকজন ব্যাটসম্যান নামছেন আর হাফ সেঞ্চুরি করে ফেলছেন। জুটিতে অর্ধশতও যেন নিয়মে পরিণত।
দ্বিতীয় উইকেটে হাফিজ ও আজহারের জুটিটি ২২৭ রানের। বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটে যা পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ। বাকি পাঁচটি জুটিতেও ৫০ বা এর বেশি রান। টেস্ট ক্রিকেটে প্রথম ৬ উইকেটেই কমপক্ষে ৫০ রান হওয়ার ঘটনা টেস্ট ক্রিকেট এর আগে একবারই দেখেছে। প্রায় ৫৫ বছর আগে ব্রিসবেনে ইতিহাসের প্রথম ‘টাই’ টেস্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা ছিল অস্ট্রেলিয়ার কীর্তি।
তবে মনে হয় না, সেখানে ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা ব্যাটসম্যানদের এমন সহযোগিতা করেছিলেন! বোলার-বৈরী উইকেটে পাকিস্তানি বোলাররা যেখানে নিয়ন্ত্রিত বোলিংয়ে পাল্লা দিয়েছেন একে অন্যের সঙ্গে, বাংলাদেশের বোলাররা যেন দাতা হাতেম তাই। দুটি ভালো বল করে একটু চাপ তৈরি করতে না-করতেই একটি আলগা বল। যেটির প্রমাণ হয়ে এক দিনেই ২৯টি চার ও ৫টি ছয়। বাউন্ডারি থেকেই ১৪৬ রান!
বাংলাদেশের এই বোলিং আক্রমণের নেতা সাকিব আল হাসান। ব্যর্থতায়ও নেতৃত্ব দিলেন ‘সামনে’ থেকেই। গত নভেম্বরে এই মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর সেঞ্চুরি ও ১০ উইকেটের অসামান্য ওই কীর্তি। সেই সাকিবই ৩১ ওভারে ১২২ রান দিয়ে এখনো উইকেটের দেখা পাননি। আজও না পেলে টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বাজে বোলিংয়ের উদাহরণ হয়ে থাকবে এটি। এর আগে মাত্র দুবারই ইনিংসে এক শর বেশি রান দিয়ে উইকেট পাননি। প্রথমবার এই পাকিস্তানের বিপক্ষেই। চট্টগ্রামে ৪১.৫ ওভারে দিয়েছিলেন ১২১ রান। ১০ ওভারেরও কম বোলিং করেও রান দেওয়ায় সেটিকে পেছনে ফেলে দিয়েছেন সাকিব।
সাকিবের মতো ক্রিকেটারদের সাফল্য-ব্যর্থতা দলের বাকি খেলোয়াড়দেরও অনুপ্রাণিত বা হতোদ্যম করায় ভূমিকা রাখে। টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ার আনন্দে ঝলমল মোহাম্মদ হাফিজও যেটি বলে গেলেন সংবাদ সম্মেলনে। সাকিবকে ছন্দে আসতে না দেওয়ার প্রতি একটু বাড়তি মনোযোগও ছিল তাঁর পরিকল্পনায়। তাতে পুরোপুরিই সফল। সাকিবের ৬৭ বল খেলে করেছেন ৫৭ রান। তিন ছক্কার দুটিই তাঁর বলে।
গত ১৩ টেস্টে দুবার ডাবল সেঞ্চুরি পেতে পেতে হারিয়ে ফেলেছেন। এর মধ্যে সর্বশেষ টেস্টেই ১৯৭। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন। কালকের ডাবল সেঞ্চুরির পর টেস্টে সর্বশেষ পাঁচ ইনিংসে হাফিজের মোট রান ৬৪২। যা টেস্টে তাঁর মোট রানের ২২.৪২ শতাংশ!
বৃষ্টি-টৃষ্টি না হলে শতাংশের হিসাবে বাংলাদেশের এই টেস্ট বাঁচানোর সম্ভাবনা বোধ হয় এর চেয়েও কম!
তৃতীয় দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩২
পাকিস্তান ১ম ইনিংস: ৫৩৭/৫