ড্র-ই হলো ডাম্বুলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্র-ই হলো বৃষ্টির কবলে পড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের প্রথম যুব টেস্টটা। কাল ডাম্বুলায় ম্যাচের শেষ দিনের একমাত্র ইনিংসে বাংলাদেশের যুবারা ৮ উইকেটে ২৮৯ রান তুলতেই শেষ ম্যাচ। দ্বিতীয় দিনে ২৯ ওভার খেলা হলেও কাল খেলা হয়েছে ৫৫ ওভার। ড্র ম্যাচ থেকে বাংলাদেশের তরুণ দলটির প্রাপ্তি জয়রাজ শেখের সেঞ্চুরি। যুব টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া এই ডানহাতি অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে। ১৬৭ বলের ইনিংসে ১১টি চার মেরেছেন জয়রাজ।
২ উইকেটে ৭৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দিনের ষষ্ঠ বলেই হারিয়ে ফেলে মুনিম শাহরিয়ারকে। এরপর অধিনায়ক মেহেদী হাসানকে নিয়ে চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি জয়রাজের। ইনিংসের সবচেয়ে বড় ৭১ রানের জুটিটা অবশ্য অষ্টম উইকেটে নিহাদুজ্জামানের সঙ্গে গড়েছেন জয়রাজ।
দুই যুব দলের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট পাল্লেকেলেতে শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ২১৬।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৮৯/৮ (সাইফ ১৯, সাদমান ৫৬, মুনিম ৪, জয়রাজ ১০০*, মেহেদী ৪১, শাহানুর ১৭,সাইফউদ্দিন ৩, প্রসেনজিৎ ১, নিহাদুজ্জামান ২৯, নাহিদ ৮; পেইরিস ৪/৯১, তিলকরত্নে ২/৫৮)।

ফল: ড্র।