ড্র ম্যাচও যখন এত রোমাঞ্চকর হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজও দুর্দান্ত খেলেছেন আবাহনীর ইংলিশ ফুটবলার লি টাক। করেছেন দারুণ একটি গোলও। ছবি: বাফুফে
আজও দুর্দান্ত খেলেছেন আবাহনীর ইংলিশ ফুটবলার লি টাক। করেছেন দারুণ একটি গোলও। ছবি: বাফুফে

দুর্দান্ত এক ম্যাচই আজ হয়ে গেল সিলেট জেলা স্টেডিয়ামে। আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি—বিপিএলের সেরা দুই দলের ম্যাচটি দারুণ আনন্দই দিয়েছে দর্শকদের। আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলে।

বড় ম্যাচের সবকিছুই ছিল আজ বিকেলের সিলেট জেলা স্টেডিয়ামের মাঠে। দুই দলই একে অন্যের ঘরে হানা দিতে থাকে প্রথম থেকেই। তবে প্রতিপক্ষের গোলমুখ শেখ জামালই খুলেছিল প্রথমে। ম্যাচের ৪২ মিনিটে ডান প্রান্ত থেকে ল্যান্ডিংয়ের ক্রস থেকে দারুণ শটে জালে পাঠান ওয়েডসন। ল্যান্ডিংয়ের ক্রসটি মাঝে আবাহনীর ডিফেন্ডার তপু বর্মণ হেড করে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁর মাথা ছুঁয়ে বল চলে যায় ওয়েডসনের পায়ে।
পিছিয়ে পড়েও হতোদ্যম হয়নি আবাহনী। খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসে খুব তাড়াতাড়িই। প্রথমার্ধের যোগ করা সময়ে ইমন বাবুর ক্রস শেখ জামালের গোলকিপার ধরতে ব্যর্থ হলে ফিরতি বলে হেড করে গোল করেন আতিকুর রহমান ফাহাদ।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পেয়েছিল আবাহনী। কিন্তু গোল করতে পারেননি লি টাক। তবে লি টাক ঠিক পরের মিনিটেই পেনাল্টি মিসের ব্যর্থতা মুছে দেন প্রায় একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোল করে।
২-১ গোলে এগিয়ে থেকে দারুণ উজ্জীবিত অবস্থাতেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে আবাহনী। ৪৯ মিনিটেই দলকে ৩-১ গোলে এগিয়ে দেন সানডে চিজোবা। ডান প্রান্ত থেকে জুয়েল রানার ক্রস থেকে সানডের গোলটি ছিল চোখে ধাঁধানো।
৩-১ গোলে পিছিয়ে থাকা শেখ জামাল ব্যবধান কমায় ম্যাচের ৫৬ মিনিটে। এমেকার ক্রস থেকে গোল করেন ল্যান্ডিং। ৭৬ মিনিটে স্কোর লাইনে সমতা ফেরান ওয়েডসন।
৩-১ গোলে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে না পারা আবাহনী দুষতেই পারে আতিকুর রহমান ফাহাদকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই শেখ জামালের এনামুল হক শরীফের সঙ্গে বিবাদে জড়িয়ে প্রথমে হলুদ কার্ড, পরে একেবারে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময়টুকু দশজনের দল নিয়ে না খেললে হয়তো ম্যাচের ফল নিজেদের অনুকূলে নিতে পারত ঐতিহ্যবাহী দলটি।