ড্র হলো তিন দিনের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৫ রানে অপরাজিত ছিলেন শুভাগত। ছবি: প্রথম আলো
৭৫ রানে অপরাজিত ছিলেন শুভাগত। ছবি: প্রথম আলো

ফতুল্লায় জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিন ছিল আজ। বিসিবি একাদশ ২৯৭ রানে আলআউট হওয়ার পর খুব বেশি সময়ও ছিল না। ম্যাচ অবধারিত ড্র জেনেই কি না, জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ব্যাট চালালেন দ্রুতগতিতেই। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়াল ৫ উইকেটে ২০১।
জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে বিশেষজ্ঞ স্পিনার নেওয়া হয়নি একজনও। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বেশ কৌশলী ভূমিকা অবলম্বন করল বিসিবি। এদিন ১০ বোলার ব্যবহার করলেন বিসিবি একাদশের অধিনায়ক। বেশির ভাগই অনিয়মিত বোলার। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে খুব বেশি সাফল্য পাননি তাঁরা। সময়ও অবশ্য বেশি ছিল না। জিম্বাবুয়ের শুরুটা বেশ ভালো এনে দেন দুই ওপেনার ভুসি সিবান্দা-সিকান্দার রাজা। উদ্বোধনী জুটিতে আসে ৬৮ রান। ৭২ রানে ৩ উইকেট পড়ে গেলে চাপে পড়ে জিম্বাবুয়ে। দলকে কক্ষপথে ফেরান ক্রেইগ আরভিন ও হ্যামিল্টন মাসাকাদজা। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে সর্বোচ্চ ৮৯ রান। আরভিন শেষ পর্যন্ত উইকেটে ছিলেন ৮৫ রানে। বিসিবির পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন দেওয়ান সাব্বির। এ ছাড়া সাদমান ইসলাম, আসিফ আহমেদ ও রনি তালুকদার নিয়েছেন ১টি করে উইকেট।
আগের দিনের ৬ উইকেটে ২৫২ রানের সঙ্গে বিসিবি একাদশ আজ সকালে যোগ করতে পেরেছে মাত্র ৪৫ রান। এই রানেই শেষ ৪ উইকেট হারিয়ে মোটামুটি বড় সংগ্রহের সম্ভাবনাটা হারায় বিসিবি। শামসুর রহমান ও রনি তালুকদারের দুটি ইনিংসের অকালমৃত্যু ঘটার পর দারুণ খেলছিলেন শুভাগত হোম চৌধুরী। ১৭৬ বল খেলে ৯ চারে ৭৫ রানে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন এ অলরাউন্ডার। যোগ্য সঙ্গী না পাওয়ায় নিজের ইনিংসটা বড় করতে পরেননি তিনি।