
ক্রনিয়ের স্মৃতি ফিরতে ফিরতেও ফিরল না। জেসন হোল্ডার স্টিভেন স্মিথকে না বলে দেওয়াতেই ফিরল না ২০০০ সালের সেঞ্চুরিয়ন।
বৃষ্টিতে ভেসে গেছে তৃতীয় ও চতুর্থ দিনের পুরোটা। প্রথম দুই দিন মিলিয়ে খেলা হয়েছিল মাত্র ৮৬.২ ওভার। শেষ হয়নি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসও। শেষ দিনে আর বৃষ্টি না হলেও সিডনি টেস্টের ভাগ্যে ড্র-ই লেখা হয়ে গিয়েছিল।
এমন ম্যাড়মেড়ে সমাপ্তি চাননি স্মিথ। তাই কাল শেষ দিনের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক উচ্চাভিলাষী হলেন। কোচের সঙ্গে পরামর্শ করে ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে গিয়ে প্রতিপক্ষ অধিনায়ক হোল্ডারকে প্রস্তাব দিলেন তখনই ইনিংস ঘোষণা করে দিতে।
‘এরপর আমি শূন্য রানেই ইনিংস ঘোষণা দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে কয়েক ওভার ব্যাট করার সুযোগ দিতাম। ওরা আমাদের ৭০ ওভারে ৩৭০ রানের লক্ষ্য দিক আমি এটাই চেয়েছিলাম। কিন্তু ও চ্যালেঞ্জটা নিল না’—ম্যাচ শেষ হওয়ার পর স্মিথের কণ্ঠে হতাশাই ঝরেছে।
স্মিথের প্রস্তাব না মেনে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষ করেছে আরও ৮২ রান যোগ করে। এরপর সিডনি ক্রিকেট গ্রাউন্ড দেখেছেন ডেভিড ওয়ার্নারের ব্যাটিং তাণ্ডব। এসসিজিতে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়ে শেষ পর্যন্ত ১২২ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার। ৪২ বলে ফিফটি ছোঁয়া ওয়ার্নার তিন অঙ্কে পৌঁছান ৮২ বলে।
২০০০ সালে সেঞ্চুরিয়নে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দুদলই তাদের প্রথম ইনিংস ছেড়ে দিয়েছিল। ম্যাচটা ইংল্যান্ড জেতে ২ উইকেটে। পরে জানা যায় বাজিকরের কাছ থেকে টাকা খেয়েই ইনিংস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ক্রনিয়ে। রয়টার্স, ক্রিকইনফো।