ড্রর পর্বে খুলনার বিশাল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিন শেষে চার ম্যাচের তিনটিই ফলাফল দেখছিল। কিন্তু কাল শেষ দিনটি বৃষ্টিবিঘ্নিত হওয়ায় জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের তিনটি ম্যাচই হয়ে গেল ড্র। ফল দেখল শুধু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। রাজশাহীকে ইনিংস ও ১৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে খুলনা।
দুই ইনিংস মিলিয়েও খুলনার প্রথম ইনিংসে করা ৫৬০ রানের ধারেকাছে যেতে পারেনি রাজশাহী। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের বোলিং-তোপে পড়ে দ্বিতীয় ইনিংসে তারা অলআউট ১৫২ রানে। ৫২ রানে ৫ উইকেট রাজ্জাকের। এবারের জাতীয় লিগে রাজ্জাক এই নিয়ে তৃতীয়বার ৫ উইকেট পেলেন।
রংপুরের ৫১৮ রানের পর বিকেএসপি-৩ নম্বর মাঠে রান-বন্যা বইয়েছে বরিশালও। আগের দিন সেঞ্চুরি করা মোসাদ্দেক কাল নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করে থেমেছেন ২৫০ রানে। তবে মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি আল আমিন। পঞ্চম উইকেটে তাদের ৪২৩ রানের জুটি জাতীয় লিগের যেকোনো উইকেটেই সর্বোচ্চ জুটির রেকর্ড। ৪৯ রানে শেষ ৬ উইকেট হারানো বরিশালের প্রথম ইনিংস থেমেছে ৬৬৮ রানে।
বিকেএসপির আরেক ড্র ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন নাজিমউদ্দিন। তাঁর অপরাজিত ১০৮ রানের ম্যাচ শেষ হওয়ার আগে ঢাকা মহানগরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৭৬ রান করেছে চট্টগ্রাম। ফতুল্লায় ফলাফল দেখেনি সিলেট-ঢাকা বিভাগ ম্যাচও।
ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচে সর্বোচ্চ জুটি
জুটি   ম্যাচ    ভেন্যু    মৌসুম
৪৯৪ মার্শাল আইয়ুব-মেহরাব জু. মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল বগুড়া ২০১২-১৩
৪২৩ মোসাদ্দেক হোসেন-আল আমিন বরিশাল-রংপুর বিকেএসপি ২০১৪-১৫
৪২০ মোহাম্মদ আশরাফুল-মার্শাল ঢাকা বিভাগ-চট্টগ্রাম চট্টগ্রাম ২০০৬-০৭
* তিনটি জুটিই পঞ্চম উইকেটে