ড্রেসিংরুমে ফিরেছেন মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েলিংটন হাসপাতাল থেকে বেসিন রিজার্ভে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। এই মুহূর্তে দলের সঙ্গে ড্রেসিংরুমেই আছেন বাংলাদেশ অধিনায়ক। মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, মুশফিকের ঘাড়ের কাছে করানো এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত।

দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ১৩ রানের সময় টিম সাউদির বাউন্সার মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মুশফিক। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে করিয়ে মাঠে ফিরে আসতে আসতে অবশ্য ১৬০ রানে শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংস। আগের দিন বাম ঊরুতে চোট পাওয়া ইমরুল কায়েস আবার ব্যাটিংয়ে নেমেছেন ইনিংসের শেষ দিকে।

চোট পাওয়ার পর থেকে স্বাভাবিকই ছিলেন মুশফিক। মাঠেই কথা বলেছেন ফিজিও ডিন কনয়ের সঙ্গে। মুশফিককে হাসপাতালে নেওয়ার পর সহ-অধিনায়ক তামিম ইকবালও জানিয়েছিলেন চোট গুরুতর কিছু নয়। সতর্কতার কারণেই হাসপাতালে নেওয়া। হাসপাতালে থাকার সময়ও নাকি একটু পর পর খেলার স্কোর জানতে চেয়েছেন মুশফিক।