ড্রেসিংরুমে সেদিন কেন এমন করেছিলেন সাকিব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালের বিতর্কে বড় শাস্তি পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম আলো ফাইল ছবি
২০১৪ সালের বিতর্কে বড় শাস্তি পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম আলো ফাইল ছবি

ঘটনাটা ছয় বছর আগের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময় অশোভন আচরণের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পান সাকিব আল হাসান। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানাও করে বিসিবি। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে সেদিন শ্রীলঙ্কার কাছে ৬১ রানে হারে বাংলাদেশ।

ওই ম্যাচে ছক্কা মারতে গিয়ে লং অফে ধরা পড়েন সাকিব। এই আউট নিয়ে টেলিভিশন ধারাভাষ্যকারেরা আলোচনা করার সময় ড্রেসিং রুমে বসে থাকা সাকিবকে টিভি ক্যামেরায় বারবার দেখানো হচ্ছিল। ক্যামেরা দেখে সাকিব তখন হাতের ইশারায় অশোভন অঙ্গভঙ্গি করেন। সাকিবের ওই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তখন প্রচুর সমালোচনার মুখে পড়েন সাকিব। সেদিন আসলেই কী ঘটেছিল? সাকিবের পাশেই ওই সময় পাশে ছিলেন পেসার শফিউল ইসলাম। ক্রিকফ্রেনজিকে দেওয়া লাইভ আড্ডায় এবার সেই ঘটনার বর্ণনা দিলেন শফিউল।

হাসতে হাসতে শফিউল বলছিলেন, ‘আসলে ওই সময় খুবই টানটান উত্তেজনা ছিল মাচে। সাকিব ভাই আউট হয়ে যান একটা গুরুত্বপূর্ণ সময়ে। উনি ওই সময় খুব উত্তেজিত ছিলেন। আউট হয়ে ফ্রেশ রুম থেকে হাতমুখ ধুয়ে তোয়ালে পরেই ড্রেসিং রুমে চলে আসেন। উনি আসলে বুঝতেই পারেননি ঘটনাটা এমনভাবে ঘটবে। উনি ক্যামেরার দিকে তাকাচ্ছিলেন। ক্যামেরা যখন উনার দিকে ধরছে, তখন নিষেধ করলেন যেন ক্যামেরা না ধরে। আসলে তখন অবচেতন মন থেকেই ওই রকম একটা কাণ্ড করে ফেলেন।’

নিজের কর্মের জন্য সাকিব ক্ষমা চেয়েছিলেন ফেসবুকে। সংগৃহীত ছবি
নিজের কর্মের জন্য সাকিব ক্ষমা চেয়েছিলেন ফেসবুকে। সংগৃহীত ছবি

টিভিতে দেখা যাচ্ছিল শফিউল তখন হাসছিলেন। কেন হাসছিলেন, সেই ঘটনারও বর্ণনা দেন শফিউল, ‘ড্রেসিং রুমে তো অনেক ধরনের কথা হয়। তো এমন কোনো কথা শুনেই আমি হাসছিলাম। ওই সময় কোনো একটা মজার বিষয় নিয়ে কথা হচ্ছিল। আমিও তখন হেসে ফেলেছিলাম। তারপর আমাকেও ডাকা হয়েছিল বিসিবির শুনানিতে। আমাকে তখন বলেছিল ওখানে আসলেই কী হয়েছিল। তখন আমি বলেছিলাম, অনেক ধরনের কথা হয়েছিল। কিন্তু সাকিব ভাই ওই রকম খারাপ কিছু বলেননি। সাকিব ভাই যখন আউট হয়ে আসেন, তখন হয়তো মনটা একটু খারাপ ছিল। ওই সময় ড্রেসিং রুম পর্যন্ত ক্যামেরা ধরার কোনো দরকারই হয়তো ছিল না।’

ওই ঘটনার পর সেদিন ম্যাচের বাকি সময়ে আর ড্রেসিংরুমের দিকে ক্যামেরা ফেরানো হয়নি।