ড্রেসিংরুমে হঠাৎ মনোবিদ!

প্রথমে দেখে একটু ধাক্কাই লাগল। বাংলাদেশ দলের ড্রেসিংরুম থেকে বের হয়ে আসা দীর্ঘদেহী ভদ্রলোক কে? হিথ স্ট্রিক বা রিচার্ড হ্যালসল যে নন, চেহারাতেই তা পরিষ্কার। তাহলে এ কোন অতিথি বাংলাদেশ দলের ড্রেসিংরুম থেকে বাংলাদেশ দলেরই জার্সি গায়ে বের হলে এলেন!
একটু নিবিড় পর্যবেক্ষণেই চেনা গেল তাঁকে—অস্ট্রেলিয়ান মনোবিদ ড. ফিল জেনেসি। গত আগস্টে প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে ক্রিকেটারদের সঙ্গে কাজ করে গিয়েছিলেন দুই-তিন দিন। কিন্তু টেস্টে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজেও জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা দলটার হঠাৎ মনোবিদ প্রয়োজন পড়ল কেন? এমনিতেই তো তারা এখন অনেক আত্মবিশ্বাসী!
শোনা গেছে, এই মুহূর্তে অন্য কোনো কাজ না থাকায় জেনেসি নিজেই বাংলাদেশ দলের সঙ্গে কয়েকটা দিন কাটাতে আগ্রহ জানান। ই-মেইলে তাঁর এই ইচ্ছার কথা জেনে উদ্যোগটা নেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এভাবেই হঠাৎ আসা আগন্তুকের মতো জেনেসি ঢুকে পড়েছেন বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী দিলেন অন্য ব্যাখ্যাই, আগে থেকেই কথা ছিল জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজের সময় তিনি দুই-তিন দিনের জন্য আসবেন। তা জেনেসি যেভাবে বা যে কারণেই আসুন না কেন, আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা ক্রিকেটারদের জন্য এই মুহূর্তে আদৌ কোনো মনোবিদের প্রয়োজন ছিল কি না, সে প্রশ্ন থাকছেই।
জিম্বাবুয়েকে টানা ম্যাচ হারিয়ে বাংলাদেশ দল এখন দারুণ আত্মবিশ্বাসী, খেলোয়াড়দের শরীরী ভাষায়ও তা পরিষ্কার। একই সঙ্গে কিছুটা ক্লান্তিও ভর করার কথা দলের মধ্যে। তবে তৃতীয় ওয়ানডের আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবারও মনে করিয়ে দিলেন, ‘আত্মতৃপ্তি বা ক্লান্তি এসে যাওয়া খুব অপেশাদারি হবে। সিরিজের সূচি আগে থেকেই জানা খেলোয়াড়দের। সবাই ওভাবেই প্রস্তুতি নিয়েছেন। হ্যাঁ, ক্লান্তি আসতেই পারে। কিন্তু সবাইকে মানিয়ে নিতে হবে।’

প্রথম দুই ওয়ানডে জিতলেও সবার পারফরম্যান্সে এখনো ধারাবাহিকতা খুঁজে পাচ্ছেন না অধিনায়ক, ‘আমার মনে হয় না আমরা এখনো খুব ধারাবাহিক। অনেক জায়গা আছে যেখানে আমরা ভুল করছি। একটা জায়গায় হয়তো আজ ভালো করছি, কিন্তু কাল আবার খারাপ করছি। ভালো খেলার ধারাবাহিকতা বাড়াতে হবে। যখন একটা দল চাপে থাকে, তখন তাদের বিপক্ষে খেলে ধারাবাহিকতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ।’
প্রথম ওয়ানডেতে ওপেনিং জুটি ভালো না করলেও মিডল অর্ডারে রান এসেছে, হয়েছে ভালো জুটি। পরের ম্যাচে লম্বা জুটি ওপেনিংয়ে, কিন্তু মিডল অর্ডারে ধস। নতুন বলেও দুই ম্যাচে দুই রকম অভিজ্ঞতা হলো পেসারদের। মাশরাফির কণ্ঠে ধারাবাহিকতা রক্ষার তাগিদ সেসব ইঙ্গিত করেই, ‘প্রথম ম্যাচে টপ অর্ডার ভালো করেনি। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন হয়েছে, তবে আমরা মিডল অর্ডারে ভালো করিনি। বোলিংয়েও একই কথা। ফিল্ডিংয়ে যা হয়েছে, আগে আমরা এর চেয়ে ভালো করেছি।’ উন্নতির আকাঙ্ক্ষা শুধু জিম্বাবুয়ে সিরিজেই আটকে নেই, অধিনায়ক পাখির চোখ করছেন বিশ্বকাপকেও, ‘উন্নতি প্রতিটি জায়গাতেই করা সম্ভব। সেটা না করতে পারলে বিশ্বকাপটা আমাদের জন্য খুব কঠিন হবে।’
চট্টগ্রামের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন এসেছিল। মুমিনুলের পরিবর্তে তিন নম্বরে নেমেছিলেন সাকিব। মুমিনুল সাতে। এমন পরিবর্তন নিয়ে কাল সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলে মাশরাফির যুক্তি, ‘সাকিব ও মুশফিক ফর্মে আছে, তাদের আমরা ব্যাটিংয়ে সর্বোচ্চ ওভার দিতে চাই। ওই দিনের মতো ওপেনিং জুটি অনেক বেশি ওভার খেললে সাকিবকে তিনে চিন্তা করতেই পারি। ও ফর্মে আছে, ও আমাদের বেশির ভাগ ওভার খেললে দলের জন্যই ভালো। ওপেনাররা বড় জুটি গড়লে সাকিব-মুশফিককে নিয়ে এ রকম চিন্তা করাই যায়।’ তবে মাশরাফি নিশ্চিত করেছেন, ওপেনিং জুটি লম্বা না হলে ব্যাটিং অর্ডার থাকবে স্বাভাবিক। অর্থাৎ, তিন নম্বরে মুমিনুলই।
ম্যাচ পরিস্থিতি বুঝে একাদশ বা ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসতেই পারে। কিন্তু উত্তুঙ্গ আত্মবিশ্বাসী একটা দলের ড্রেসিংরুমে মনোবিদের আগমন কৌতূহলোদ্দীপকই বটে।