ড্রয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়টা খুব জরুরি ছিল না অস্ট্রেলিয়ার জন্য। কিন্তু ভারতের জন্য ছিল। কিন্তু সেই জয়ের চেষ্টা করাও তখন সফরকারী দলের সাধ্যের বাইরে। মেলবোর্নে তাই শেষ দিনে ৪ ওভার বাকি থাকতেই স্টিভেন স্মিথ আর মহেন্দ্র সিং ধোনি করমর্দন করলেন। বেল তুলে নিলেন আম্পায়াররা। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত তখন ৬ উইকেটে ১৭৪। আগের চার দিনের অনেক নাটকের পর বক্সিং ডে টেস্টটা শেষ পর্যন্ত জয়-পরাজয় দেখল না।
১৭ বছর পর মেলবোর্নে এই প্রথম কোনো টেস্ট ড্র। এ মাঠে সর্বশেষ ড্র হয়েছিল ১৯৯৭ সালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া লড়াইয়ে তো সাম্প্রতিককালে এ দৃশ্য একেবারেই অচেনা। ১৩ টেস্ট পর এই দুই দেশের কোনো টেস্ট অমীমাংসিতভাবে শেষ। সিডনি টেস্ট হাতে রেখেই বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে নিল অস্ট্রেলিয়া।
আভাসটা দিনের প্রথম ভাগেই পাওয়া গিয়েছিল। আগের দিনের ৩২৬ লিডের সঙ্গে কাল সকালে ঝড়ো গতিতে আরও কিছু রান তুলে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে দেবে, এমনটাই ছিল স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু দেখা গেল একেবারেই উল্টো দৃশ্য। অস্ট্রেলিয়া ব্যাট করল লাঞ্চ পর্যন্ত। ৯৯ রানে শন মার্শ রান আউট হয়ে ফিরে যাওয়ার একটু পর অস্ট্রেলিয়ান অধিনায়ক যখন ক্রিজে থাকা তাঁর দুই ব্যাটসম্যানকে ডেকে পাঠালেন, মেলবোর্ন টেস্টের নিয়তি প্রায় লেখা হয়ে গেছে। বাকি ৭০ ওভারে ৩৮৪ রানের লক্ষ্য, ভারতের যাতে তাড়া করার কোনো সুযোগই না থাকে সেটাই যেন নিশ্চিত করলেন স্টিভেন স্মিথ।
মহেন্দ্র সিং ধোনির দল তা করবে না জানাই ছিল। চূড়ান্ত নাটকীয় কিছু হতে পারত যদি অস্ট্রেলিয়ান বোলাররা অসাধারণ কিছু করতে পারতেন। ১৯ রানে ভারতের ৩ উইকেট ফেলে দিয়ে জনসন-হ্যারিস-হ্যাজেলউড একটু হলেও সেই আভাস দিয়েছিলেন। কিন্তু চতুর্থ উইকেটে কোহলি-রাহানের ৮৫ রানের জুটিতে ভারত সামলে নেয় বিপর্যয়টা। শেষে ৪ ওভার হাতে থাকার পরেও স্মিথ জয়ের শেষ চেষ্টা করেননি দেখে ম্যাচ শেষে অবশ্য একটু বিস্ময়ই প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার-সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের লোয়ার অর্ডারে হঠাৎ ধস তো আর বিরল কিছু নয়। এই সিরিজেই দেখা গেছে একাধিকবার। চেষ্টাটা তাই করতেই পারতেন স্মিথ! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।