ড্রয়ের পথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল?
বৃষ্টির কারণে দুই দিন মাঠে বল গড়ায়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রিজার্ভ ডে–তে গড়াতে পারে, তা মোটামুটি ধরেই নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তাই হলো, অলিখিত ষষ্ঠ দিনে গড়াচ্ছে ফাইনাল।
আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শেষ করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৩২ রানের লিড নিয়েছে বিরাট কোহলির দল।
আগামীকাল রিজার্ভ ডে-তে ৯৮ ওভারের খেলা হবে। এর মধ্যে ম্যাচে ফল না পাওয়া গেলে অর্থাৎ ড্র হলে ফাইনালে ওঠা দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ভারত আগামীকাল অন্তত প্রথম সেশন দেখে খেলবে বলেই ম্যাচের পরিস্থিতি দাবি করছে।
সাউদাম্পটনে বৃষ্টির কারণে রোজ বোলের উইকেট এমনিতেই পেসবান্ধব, আজ খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে নিউজিল্যান্ড পেসার টিম সাউদির বাউন্সার আঘাত হানে কোহলির হেলমেটে। শেষ পর্যন্ত চেতেশ্বর পূজারাকে (১২*) সঙ্গে নিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কোহলি (৮*)।
বৃষ্টির কারণে আজ পঞ্চম দিনেও খেলা শুরু হতে দেরি হয়। ২ উইকেটে ১০১ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের ১১৭ বলে ৪৯ ও শেষ দিকে কাইল জেমিসন (১৬ বলে ২১) ও টিম সাউদির (৪৬ বলে ৩০) ঝোড়ো ইনিংসে ভারতের প্রথম ইনিংস (২১৭) থেকে ৩২ রানের লিড পায় নিউজিল্যান্ড।
২৪৯ রানে প্রথম ইনিংসে অলআউট হয় কিউইরা। ৭৬ রানে ৪ উইকেট নেন ভারতের পেসার মোহাম্মদ শামি।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের পেস আক্রমণের সামনে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিলের জুটি টেকে ১০.৪ ওভার। ৩৩ বলে ৮ রান করা শুবমান সাউদির বলে এলবিডব্লুর শিকার হন।
পূজারা এসে স্বভাবসুলভ ধৈর্যশীল ব্যাটিংয়ে রোহিতের সঙ্গে ৯৭ বলে ২৭ রানের জুটি গড়ে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই আবার আঘাত হানেন সাউদি। ৮১ বলে ৩০ রান করা রোহিতকেও এলবিডব্লুর ফাঁদে ফেলেন এই পেসার। এরপর পূজারা-কোহলি অবিচ্ছিন্ন ১৩ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন।
নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন চার পেসার ব্যবহার করলেও সাফল্য পেয়েছেন শুধু সাউদি। ১৭ রানে ২ উইকেট নেন তিনি।