ড্রয়ের মাঝে লুকিয়ে 'হার'ও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারত টেস্টটা জিততে না পারলেও বাংলাদেশ কি হেরেই মাঠ ছাড়ল না!
চার দিনে খেলা হয়েছিল ১৩৩.৪ ওভার। ভারতের ইনিংস ঘোষণার পর বাংলাদেশের প্রথম ইনিংসে পড়ল মাত্র ৩ উইকেট। এরপর পঞ্চম দিনেও যখন খেলা শুরু হয় লাঞ্চ পার করে, কী হতে পারে স্কোরবোর্ডের চূড়ান্ত চেহারাটা? ফলাফলের জায়গায় ড্র তো অবশ্যই, ম্যাচের প্রথম ইনিংসটাও পুরোপুরি শেষ না হওয়াই ছিল প্রত্যাশিত। কিন্তু কী দেখলেন ১৮৪.২ ওভারের ফতুল্লা টেস্ট শেষে? প্রথম ইনিংসে ২৫৬ রানে অলআউট বাংলাদেশ ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও খেলে ফেলল ১৫ ওভার! কাগজ-কলমে ম্যাচ ড্র, তবে এই ড্রয়ে হাসি মুখ নিয়ে মাঠ ছাড়া যায়নি। পুরো পাঁচ দিন ঠিকঠাকভাবে খেলা হলে বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ ফলাফল হতে পারত, তা তো বোঝাই যাচ্ছে।
আগের চার দিনের মতো কালও বৃষ্টিতে ভেসে গেল অর্ধেক দিন। বাকি যেটুকু সময় খেলা হলো তা হতে পারত ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলনের একটা উপলক্ষ। ৫৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা ইমরুল কায়েস এগিয়ে যেতে পারতেন সেঞ্চুরির দিকে। সাকিব আল হাসান, সৌম্য সরকাররাও নিতে পারতেন নির্ভার ব্যাটিংয়ের সুযোগ। সেসব দূরের কথা, কাল অর্ধেক দিনের খেলাতেই লেজেগোবরে অবস্থা হয়ে গেল ব্যাটসম্যানদের। দিনের তৃতীয় ওভারেই অশ্বিনকে কাট করতে গিয়ে কট বিহাইন্ড সাকিব। হরভজন সিংয়ের বলে স্টাম্পড হয়ে যাওয়া ইমরুলও (৭২) পারলেন না তিন অঙ্ক ছোঁয়ার ধৈর্যটা ধরতে।
বাংলাদেশের প্রথম ইনিংসের আলোকিত অংশ বলা যেতে পারে শুধু লিটন দাসের ব্যাটিংকেই। কিপিং খারাপ করেননি, ব্যাট হাতেও চেষ্টা করেছেন অভিষেক টেস্টে ভালো কিছু পেতে। ১৭২ রানে ৫ উইকেট পড়ার পর উইকেটে আসেন সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে। সপ্তম উইকেটে শুভাগত হোম চৌধুরীর সঙ্গে ৪৩ রানের জুটি, অশ্বিনের বলে লেগ স্লিপে রোহিত শর্মার ক্যাচ হওয়ার আগে করেছেন ৪৪। অভিষেক টেস্ট হিসেবে একেবারে খারাপ তো নয়ই বরং এক ঘণ্টার ব্যাটিংয়ে আত্মবিশ্বাসীই মনে হয়েছে লিটনকে। ঘরোয়া ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটসম্যানের পরিচিতিটা ধরে রেখেছেন অভিষেক টেস্টেও। অশ্বিনকে তারই মাথার ওপর দিয়ে মেরেছেন দলের পক্ষে একমাত্র ছক্কা, আছে ৮টি বাউন্ডারিও।
বাংলাদেশের ব্যাটিংয়ের চেয়ে অবশ্য ভারতের দুই অফ স্পিনারের উইকেট শিকারের লড়াই দেখাটাই কাল বেশি উপভোগ্য ছিল। ৮৭ রানে ৫ উইকেট নিয়ে শেষ পর্যন্ত অশ্বিনই এগিয়ে। টেস্টে দশমবারের মতো ৫ উইকেট পেলেন। হরভজন পেয়েছেন ৩ উইকেট। ভারতীয় বোলারদের করা ৬৫.৫ ওভারের মধ্যে অবশ্য এই দুই স্পিনার মিলেই হাত ঘুরিয়েছেন ৪২.৫ ওভার।
প্রথম ইনিংসটা যে রকম হুড়মুড় ভেঙে পড়ল তাতে ২০৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে আরও বিপর্যয়ের মধ্যে পড়ে কিনা, সেটাই ছিল শঙ্কা। তবে দুই অধিনায়কের সিদ্ধান্তে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই খেলা শেষ হয়ে যাওয়ায় সে রকম কিছু ঘটেনি। ইলেকট্রনিক স্কোরবোর্ডে ভেসে উঠল ‘টেস্ট ম্যাচ ড্র’। তবে সেটার কালো প্রেক্ষাপট যেন দিচ্ছিল পরাজয়ের বার্তা।

ভারত ১ম ইনিংস: ৪৬২/৬ ডি.
বাংলাদেশ: ২৫৬ ও ২৩/০
ফল: ড্র।