ঢাকা আমরা আসছি, ওয়ার্নারের বার্তা

অবশেষ বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম দীর্ঘ ঘুম দিয়ে যেন নড়েচড়ে বসতে শুরু করেছে। স্টেডিয়ামের আশপাশের সড়ক-ড্রেন ঠিকঠাক করা হচ্ছে, যাতে বৃষ্টিতে জলজট না তৈরি হয়। বিসিবির সামনে এরই মধ্যে চলে এসেছে অস্ট্রেলিয়ার দুটি টিম বাস। ওদিকে বিমানেই ডেভিড ওয়ার্নার জানিয়ে দিয়েছেন, তাঁরা আসছেন।
‘আমি ও দ্য গোট রওনা দিতে তৈরি। ঢাকা, আমরা আসছি’—নাথান লায়ানের সঙ্গে হাসিমুখে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন ওয়ার্নার। ‘GOAT’ মানে ‘গ্রেটেস্ট অব অলটাইম’। ২০১৫ সালে অস্ট্রেলীয় অফ স্পিনারের হিউ ট্রাম্বলের ১৪১ উইকেটের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পর থেকে লায়নকে এখন এ নামেই উল্লেখ করেন সতীর্থরা।
ঢাকার বিমান ধরে ভীষণ খুশি দেখাল উসমান খাজাকেও। অস্ট্রেলীয় এই টপ অর্ডার ব্যাটসম্যান ফেসবুকে ম্যাট রেনশর সঙ্গে একটা ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘হ্যারি পটার’ পড়তে পড়তে আর ‘গেম অব থ্রোনস’ দেখতে দেখতে তাঁরা আসছেন।
২৭ আগস্ট মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।