ঢাকা নেই মুস্তাফিজও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের সেরা বল কোনটি—এ নিয়ে গত পরশু একটা তর্ক উঠে গেল। লেন্ডল সিমন্সকে ভূপাতিত করা আবু হায়দারের ইনসুইঙ্গিং ইয়র্কার নাকি ক্রিস গেইলকে বোল্ড করা মুস্তাফিজুরের কাটার?
আবু হায়দার এখনো আছেন। তাঁর স্বপ্নযাত্রা ফাইনাল পর্যন্ত বিস্তৃত। তবে মুস্তাফিজুর এখন বিপিএলের দর্শক। ‘এলিমিনেট’ হয়ে গেছেন ‘এলিমিনেটর’ ম্যাচে!
মুস্তাফিজ ফাইনাল পর্যন্ত না থাকায় বিপিএল খানিকটা হলেও রং হারাল। আগামীকালের শিরোপা লড়াইয়ের রোমাঞ্চে কোনোরকম আঁচড় কাটবে না তাঁর মায়াবী কাটার। সবাই তাকিয়ে বিপিএল ‘সেনসেশন’ আবু হায়দারের দিকে।
ফাইনাল খেলতে না পারাটা মুস্তাফিজের ব্যর্থতা নয়। গত তিন সিরিজে জাতীয় দলের হয়ে এই বাঁহাতি পেসার যে প্রত্যাশা জাগিয়েছেন, বিপিএলেও তা মোটামুটি মিটিয়েছেন। ১০ ম্যাচে ১৪ উইকেটই শুধু নয়; সাকিব আল হাসান, তামিম ইকবালের সঙ্গে ফিরিয়েছেন শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলসের মতো ব্যাটসম্যানদেরও। পরশু গেইল তো ফিরে গেছেন মুস্তাফিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই! প্রত্যাশা মেটাতে না পারার দায় তাই মুস্তাফিজের নয়, তাঁর দল ঢাকা ডায়নামাইটসের। টুর্নামেন্ট থেকে তাদের বিদায়েই বিদায় মুস্তাফিজেরও।
ঢাকার ফ্র্যাঞ্চাইজি বিপিএলে সব সময়ই আলোচিত। প্রথম দুবার ঢাকা গ্ল্যাডিয়েটরস অবশ্য বিতর্কেরই জন্ম দিয়েছে বেশি। নাম ও মালিকানা বদলালেও ঢাকা ডায়নামাইটসের দিকে এবারও চোখ ছিল সবার। বিসিবির ঊর্ধ্বতনদের এই ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ। বিপিএলের শুরুতে নানা রকম সন্দেহের দানা বাঁধা সে কারণেই। বিসিবি ঢাকা ডায়নামাইটসকে অন্যায় সুবিধা দেবে না তো! স্বার্থের দ্বন্দ্বে যদি হেরে যায় স্বচ্ছ বিপিএলের স্লোগান!
টুর্নামেন্টের প্রথম দিনই নিয়ম ভেঙে ঢাকার মালিকপক্ষের লোকজন আর বিনা টিকিটের সমর্থকেরা বিনা বাধায় স্টেডিয়ামের গেট দিয়ে ঢুকে পড়ে শঙ্কাটা বাড়িয়ে দিয়েছিল। ঢাকার পক্ষে আম্পায়ারদের টুকটাক পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে। কিন্তু বাইরের শক্তি থাকে শেষ ধাক্কাটা দেওয়ার জন্য, খেলাধুলায় আসল কাজ তো মাঠে! প্রথম দুই বিপিএলের চ্যাম্পিয়ন ঢাকা এবার সেখানেই এলোমেলো। পুরো দলের হতাশাটা বেরিয়ে এল পরশু এলিমিনেটর ম্যাচের পর কোচ মিকি আর্থারের কথায়, ‘আমরা খুবই হতাশ। অন্যসব দলের মতো আমরাও টুর্নামেন্টটা জিততে চেয়েছিলাম।’
কেন পূরণ হলো না সে আশা? আর্থারের সঙ্গে অধিনায়ক হিসেবে জুটি বেঁধেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। আতহার আলী খান, খালেদ মাহমুদের মতো ক্রিকেটবোদ্ধারাও তো ছিলেন দলের সঙ্গে। তাহলে ঘাটতি থেকে গেল কোথায়? কোনো ম্যাচেই বড় স্কোর করতে না পারা, নিয়মিত ৩৫টির বেশি ডট বল দিয়ে যাওয়া—কোচের কথায় এসব কারণ উঠল প্রাসঙ্গিকভাবে। তবে ঢাকার ব্যর্থতার পেছনে অন্য আলোচনাও আছে।
গুঞ্জন আছে, প্রতি ম্যাচেই দলটির একাদশ নির্বাচন নিয়ে দলে ‘নানা মুনির নানা মত’ ছিল। ঢাকার ব্যর্থতা নাকি তাই অনেকটা ‘অধিক সন্ন্যাসীতেই গাজন নষ্ট’ হওয়ার মতো ব্যাপার। পরশু সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা তুললে আর্থার তা স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি, ‘দল নিয়ে আমাদের মধ্যে ভালো বিতর্ক হতো। আমি আর সুজন (দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ) সব সময়ই আমাদের অবস্থান তুলে ধরেছি। এটাকে ভালো এবং স্বাস্থ্যকর বিতর্ক বলতে পারেন। আমি সবার মতামত নিয়ে কাজ করতেই পছন্দ করি।’
দল নির্বাচন নিয়ে ঢাকার ভেতরের অস্থিরতা একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে—টুর্নামেন্টের ১১ ম্যাচে তারা ৯ জনকে ওপেনিংয়ে খেলিয়েছে! এ নিয়েও অবশ্য একটা ব্যাখ্যা দিতে চাইলেন আর্থার, ‘আমাদের স্থানীয় কোনো ওপেনিং ব্যাটসম্যান ছিল না। সে জন্যই ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে চেষ্টা করাতে হয়েছে। তা ছাড়া আসল ব্যাটিংটা হয় ৬ থেকে ১৫ ওভারের মধ্যে। আমরা চেয়েছি বিদেশি ব্যাটসম্যানদের ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে খেলাতে।’
অবশ্য স্থানীয় ক্রিকেটারদের সামর্থ্যকেও ছোট করে দেখছেন না দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দলের সাবেক কোচ। নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনের প্রশংসাকে ঢাকার স্থানীয় ক্রিকেটাররা ধরে নিতে পারেন সান্ত্বনা।