ঢাকা প্রিমিয়ার লিগের কালকের ম্যাচ স্থগিত
হরতালের কারণে স্থগিত করা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের কালকের তিনটি ম্যাচ।
সূচি অনুযায়ী আগামীকাল বিকেএসপিতে প্রাইম ব্যাংক-ব্রাদার্স, ফতুল্লায় প্রাইম দোলেশ্বর-ভিক্টোরিয়া এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নির্ধারিত আবাহনী-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচ তিনটি হচ্ছে না। দল ও মাঠ অভিন্ন রেখেই ম্যাচ তিনটি হবে পরশু।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্যসচিব রাকিব হায়দার, ‘খেলার সূচি পরিবর্তনের পরিকল্পনা আমাদের ছিল না। কিন্তু অনিবার্য কারণে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে।’
যেহেতু ম্যাচ চলে গেছে পূর্বনির্ধারিত রিজার্ভ ডে-তে (৯ মে), এখন বৃষ্টিতে ম্যাচ যদি পণ্ড হয় এদিন, কী হবে? সূচিতে পঞ্চম রাউন্ডের অপর তিনটি ম্যাচ রয়েছে ১০ তারিখে। রাকিবের ব্যাখ্যা, ‘৯ তারিখের ম্যাচের রিজার্ভ-ডে বিবেচিত হবে ১০ তারিখে। নির্ধারিত দিনে বৃষ্টির কারণে ম্যাচ শেষ না হলে সেটি চলে যাবে পরের দিন।’